মনজুর আহমদ বড়ভূইঁয়া, শিলচর (আসাম) থেকে॥
ভারতের মেঘালয় রাজ্যে পুলিশের হাতে আটক বাংলাদেশের বিরোধী দল বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে কিছুক্ষণ আগে শিলং-এর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে শিলং সদর থানায় নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত তাকে সেখানে রেখে বুধবার আদালতে তোলা হবে। এক সপ্তাহ ধরে তিনি শিলংয়ের একটি সরকারী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল – নিগ্র্যাহমস-এ চিকিৎসাধীন ছিলেন।
শিলংয়ের পুলিশ সুপারিন্টেনডেন্ট বিবেক সিয়াম বলেছেন, চিকিৎসকেরা এখন মনে করছেন সালাহউদ্দিন আহমেদ সুস্থ। তাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পুলিশ সুপার জানান, সালাহউদ্দিনকে শিলংয়ের সদর থানাতে রাখা হবে। সেখানে মঙ্গলবার তার আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ শুরু হবে। বুধবার তাকে আদালতে তোলা হবে।
ঢাকায় নিখোঁজ হওয়ার দুমাস পর ১১মে তিনি ভারতের শিলংয়ে হাজির হলে সেখানকার পুলিশ তাকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে।
প্রথমে একদিন একটি মানসিক হাসপাতালে, তারপরে একসপ্তাহ শিলংয়ের সিভিল হাসপাতালে আর গত এক সপ্তাহ নিগ্র্যাহমস হাসপাতালে চিকিৎসাধীন বন্দী হিসাবে ছিলেন তিনি।
দুবার গোয়েন্দা অফিসাররা হাসপাতালে তার সাথে কথা বললেও অসুস্থতার কারণে গত ১৫ দিনে তার আনুষ্ঠানিক পুলিশী জেরা হয়নি। গত দুমাস তিনি কোথায় কীভাবে ছিলেন, তা নিয়ে কেউই কিছু বলতে পারছে না। সালাহউদ্দিন আহমেদও নিজে মুখ খুলছেন না।
গত ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। এদিনই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ।
শুক্রবার শিলংয়ের একটি আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন তার স্ত্রী। এ বিষয়ে ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
নিজস্ব প্রতিনিধি, উত্তরপূর্ব ভারত
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply