ভারতীয় টিভি চ্যানেল প্রতিদিনি টাইম (নিউজ টাইম আসাম) এর বাংলাদেশ প্রতিনিধি মাছুম বিল্লাহ মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। ভারত থেকে পাঠানো ভিডিও ক্যামেরা, ট্রাইপডসহ ব্যাকপ্যাক ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। বেলা আড়াইটার দিকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও নির্বাচন কমিশনের সামনের রাস্তায় মটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশা আরোহী মাছুম বিল্লাহ’র কাছে থেকে এসব মালামাল ছিনিয়ে নিয়ে যায়।
মাছুম বিল্লাহ নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানান, ঘটনাস্থলের ১০০ গজ দুরে পুলিশ বক্স থাকলেও তারা এগিয়ে আসেনি। ছিনতাইকারীদের ধরারও চেষ্টা করেনি। মাছুম জানান, ব্যাগে প্যানাসনিক এমডিএইচ-২ মডেলের একটি ক্যামেরা, একটি বড় জুম লেন্স, লোগোসহ একটি বুম, মেমোরি কার্ডসহ ক্যামেরার আনুসাঙ্গিক অন্যান্য ডিভাইস ও প্রয়াজনীয় কাগজপত্র ছিল।
এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করলেও তারা মামলা নিতে গড়িমসি করে। বরং হারিয়ে গেছে বলে সাধারণ ডায়েরি (জিডি) করতে পরামর্শ দেন থানার ডিউটি অফিসার। তবে মাছুম বিল্লাহ এভাবে হারিয়ে গেছে লিখে জিডি করতে রাজি হননি।
মঙ্গলবার বেলা তিনটার দিকে ফার্মগেট এলাকার খেজুর বাগান থেকে রিক্সাযোগে আগারগাঁওয়ের আইডিবি ভবনে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে বহনকারী রিকশাটি নির্বাচন কমিশনের সামনের রাস্তায় পৌঁছলে মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেয়।
তরুণ সাংবাদিক মাছুম বিল্লাহ ভারতীয় ওই টেলিভিশন ছাড়াও ঢাকায় আমাদের সময় ডটকমে ছাড়াও তিনি ভারতের নিউজ চ্যানেল প্রতিদিন টাইমের স্পেশাল করেসপন্ডেন্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর এবং ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ কাভারের জন্য কয়েকদিন আগে ভারত থেকে ওই চ্যানেল কর্তৃপক্ষ ক্যামেরাটি পাঠায়।
ক্যামেরা ছিনতাই ও পরবর্তীতে পুলিশের ভূমিকায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কর্মরত দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (সামক্যাব)। সামক্যাবের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম রাজু এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে আনোয়ারুল করিম রাজু বলেন, দায়িত্বরত অবস্থায় ছিনতাইয়ের পরও পুলিশের সহযোগিতা না পাওয়া নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। মামলা নিতে গড়িমসি করারও নিন্দা জানিয়ে ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply