বুধবার ৪ নভেম্বর ২০২৬

পঙ্গু হাসপাতাল সম্প্রসারণের আগেই পঙ্গু করার উদ্যোগ

NITORপঙ্গু হাসপাতালের সম্প্রসারিত ১২তলা ভবন নির্মাণ কাজ শুরুই হয়নি। শুরু হবে কি করে ঠিকাদারকে এখনো কার্যাদেশই দেওয়া হয়নি। এই প্রকল্পের প্রকল্প পরিচালকের চাকরি আছে আর এক বছরের মতো। কিন্তু তিনি এখনই ওই ভবনের জন্য ১২৫ কোটি টাকার সরঞ্জাম কেনার প্রক্রিয়া শুরু করে দরপত্র বিজ্ঞাপন দিয়েছেন। এর আগেও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠা এই ব্যক্তি বলছেন, ‘আমার পর এই প্রকল্পের দায়িত্ব যিনি নেবেন, তার সুবিধার জন্যই এখন কিনে রাখছি।’ ভবনের খবর নেই কিন্তু মালামাল কোথায় রাখবেন সে প্রশ্নের জবাবে এই ব্যক্তি বলেন, ‘মাল দুই আড়াই বছর পরেও গ্রহণ করা যাবে।’ তাহলে এখন কিনছেন কেন? এই প্রশ্নের জবাব নেই। কারণ মাল কেনার আসল কারণই তো এখানে!
এ ঘটনাটি ঘটেছে পঙ্গু হাসপাতাল বা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সম্প্রসারণ প্রকল্পে। প্রাথমিকভাবে এটির ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৮৫ লাখ টাকা। এ প্রকল্পের প্রকল্প পরিচালক হচ্ছেন ডা. মো. সিরাজুল ইসলাম মোল্লা। এ প্রকল্পের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নির্মাণাধীন গোপালগঞ্জের ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল প্রকল্পের পরিচালক এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। তার বাড়ি গোপালগঞ্জ হওয়ায় তিনি স্বাস্থ্য বিভাগের সবার কাছে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত বলে জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা।

গৃহায়ন ও গণপূর্ত অধিদফতর সূত্রে জানা গেছে, পঙ্গু হাসপাতাল সম্প্রসারণ প্রকল্পের ১২ তলা নতুন ভবন নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি। দুটি বেজমেন্টসহ একটি ১২ তলা ভবন নির্মাণ কাজ শেষ করতে কমপক্ষে ৪ বছর লেগে যাবে। চলতি মাসের ১৩ তারিখে ভবনটি নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হয়েছে। তবে এখনও কার্যাদেশ দেয়া হয়নি। এছাড়া যে স্থানে এ ভবনটি নির্মাণ করা হবে, সেখানে বর্তমানে একটি তিন তলা ভবন রয়েছে। এটি ভাঙতেও টেন্ডার আহ্বান করতে হবে। যেটি এখনও হয়নি। সব মিলিয়ে চলতি বছরের শেষে এ ভবন নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট সূত্র। কিন্তু এরই মধ্যে মালামাল কেনার প্রক্রিয়া শেষ! সত্যিই সেলুকাস!

পাঁচটি প্যাকেজে প্রায় ১২৫ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে। এসব যন্ত্রপাতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- এমআরআই, সিটি স্ক্যান, ১০০০ এমএ এক্স-রেসহ অন্যান্য বড় চিকিৎসা যন্ত্রপাতি, দুটি বড় প্যাসেঞ্জার লিফট, একটি ৫০০ কেভিএ জেনারেটর সেট, একটি ১০০০ কেভিএ সাব-স্টেশন, গোটা হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, টেলিফোন ও পিএবিএক্স সিস্টেম, এয়ার কন্ডিশন ৩ টনের ২০টি ও ২ টনের ২০টি, ৩০ কিলোওয়াটের সোলার সিস্টেম। সূত্র জানায়, ইতিমধ্যে সরঞ্জাম কিনতে ৭৫ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও প্রায় শেষ দিকে।

এ প্রসঙ্গে পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. ইকবাল কাভি বলেন, ভবনের পূর্বেই মালামাল ক্রয় করা অবশ্যই অনুচিত।

অভিযুক্ত প্রকল্প পরিচালক ডা. মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, এ প্রকল্পের জন্য প্রায় ১২৫ কোটি টাকার মালামাল ক্রয় করতে হবে। তাই আগে থেকেই তিনি টেন্ডার প্রক্রিয়া শুরু করেছেন। পরের কাজগুলো সহজ করে রাখছি। এ পর্যন্ত ৭৫ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। তবে এখনও কোনো টেন্ডারের চূড়ান্ত কার্যাদেশ দেয়া হয়নি।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *