বুধবার ৪ নভেম্বর ২০২৬

এসএসসি ও সমমানে গড় পাস ৮৭.০৪, জিপিএ-৫ লক্ষাধিক

sscএবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.২, কারিগরি শিক্ষা বোর্ডে ৮৩.০১ শতাংশ। শতভাগ পাস করেছে পাঁচ হাজার ৯৫টি স্কুলে।  চট্টগ্রাম বোর্ডে ৮২.৭৭, সিলেটে ৮১.৮২, কুমিল্লায় ৮৪.২২, দিনাজপুরে ৮৫.৫০ ও বরিশাল ৮৪.৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল হস্তান্তর করেন। ফলাফল হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। তারপরও নির্ধারিত সময়ে ফল প্রকাশ যুগান্তকারী সাফল্য।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনের পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইল ফোন থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সান ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে আটটি সাধারণ বোর্ডের অধীনে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৩৮০ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ ১০ হাজার ২৯৫ পরীক্ষার্থী অংশ নেয়। মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থীর মধ্যে সাত লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী। মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। হরতালে সব (মোট ১৬ দিন) পরীক্ষাই পেছানো হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন এ পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়েছিল ৩ এপ্রিল।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৪২ হাজার ২৭৬ পরীক্ষার্থী। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৯৭ শতাংশ।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন