বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফ্রান্সে সারকোজির দলের নতুন নাম দ্য রিপাবলিকানস

Sarkozy-renames-French-oppoফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তার দলের নাম পরিবর্তন করেছেন। ‘ইউনিয়ন ফর আ পপুলার মুভমেন্ট’ এই নাম বদলে তিনি নতুন করে দলের নাম রেখেছেন ‘দ্য রিপাবলিকানস’। এর আগে বিরোধী দলের নেতারা শুক্রবার এক ভোটাভুটির মাধ্যমে সারকোজির এই সিদ্ধান্তকে চূড়ান্ত করেছেন। দলকে নতুন করে ব্র্যান্ডিং করার জন্য এদিন নাম বদলের পক্ষে ভোট পড়ে ৮৩ শতাংশ।

যদিও ভোটাভুটির আগে সারকোজির প্রস্তাবিত নামটি নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছিল ফ্রান্সজুড়ে। এক জরিপে দেখা গিয়েছিল, প্রায় ৭০ ভাগ মানুষ (এমনকি স্বয়ং ইউএমপির ৪০ ভাগ সমর্থক) মনে করেন, রিপাবলিকান তকমা ব্যবহার করার অধিকারই থাকতে পারে না কোনো রাজনৈতিক দলের।

ফরাসী মাত্রই কি রিপাবলিকান নয়- এই প্রশ্ন তুলে বামপন্থীরা তো আদালতে মামলাও ঠুকতে উদ্যোগ নিয়েছিল। নামটি ‘নিষিদ্ধ করার আবেদনে’ অবশ্য ইতিবাচক সাড়া দেননি ফরাসী আদালত।

প্রসঙ্গত, ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘দ্য রিপাবলিকানস’ দলের প্রধান হয়েই লড়বেন নিকোলাস সারকোজি।

এর আগে তিনি ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পরাজিত হন।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন