বুধবার ৪ নভেম্বর ২০২৬

৭ম কালি ও কলম পুরস্কার পেলেন সাকিরা রুমি ও আলীম

kali-o-kalomকালি ও কলম পুরস্কার পেলেন তিন তরুণ কবি ও লেখক। কবিতা বিভাগে পেয়েছেন সাকিরা পারভীন; প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে এম আবদুল আলীম এবং ছোটগল্প ও উপন্যাস বিভাগে ফাতিমা রুমি। বেঙ্গল শিল্পালয়ে শনিবার সন্ধ্যায় এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার।

‘কালি ও কলম’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি প্রফেসর এমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ ছাড়াও বক্তব্য প্রদান করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। ধন্যবাদ জ্ঞাপন করেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। স্বাগত বক্তব্য রাখেন লুভা নাহিদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সমরেশ মজুমদার বলেন, ‘আজ যে ৩ তরুণ লেখককে সম্মানিত করা হল, আমি তাদেরকে উৎসাহিত করি। আমিও ‘দেশ’ পত্রিকায় প্রথম গল্প লিখে ১৫ টাকা পুরস্কার পেয়েছিলাম, তখন আমারও তাদের মতো অনুভূতি হয়েছিল। ‘কালি ও কলম’ পত্রিকায় আমিও ধারাবাহিক উপন্যাস লিখেছি। শুরুতে এ পত্রিকায় লিখতে আমি রাজি ছিলাম না। কিন্তু এ পত্রিকার একটি সংখ্যা দেখেই আমি মুগ্ধ হয়েছি। এটি অত্যন্ত সমৃদ্ধ একটি পত্রিকা, এতে দুর্বল একটি লেখা দিয়েছিলাম বলে আমি মার্জনা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘সাধারণত প্রবীণদের পুরস্কার দেওয়া হয়। কালি ও কলম নবীনদের পুরস্কার দিচ্ছে শুনে আমি অবাক ও খুশী হয়েছি। এই তিনজন লেখক অত্যন্ত সম্ভাবনাময়। আমি আশা করি, এই লেখকেরা নিশ্চয়ই পাঠকের কাছে পৌঁছাবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বিজয়ী তিন লেখকের নাম ঘোষণা করেন ও তাদের রচনা সম্পর্কে আলোকপাত করেন। এরপর প্রতি বিভাগে পুরস্কার হিসেবে প্রদান করা হয় এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও একটি সম্মাননাপত্র। পুরস্কার প্রদানের পর পুরস্কৃত তিন লেখক সংক্ষেপে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

২০০৮ সালে ‘কালি ও কলম’ পত্রিকা সাহিত্যকর্মে তরুণদের অনুপ্রাণিত করতে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ দেওয়া শুরু করেছে। এ বছর সপ্তমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।

শিল্প ও সংস্কৃতি ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *