বেজিং: ‘সূর্য শক্তি’র আজ দুঃসাহসিক প্রশান্ত মহাসাগর জয়ের লক্ষ্য অভিযান! সৌরশক্তিচালিত উড়ান দ্যা সোলার ইমপালস-২ রবিবাসরীয় রাতে পাড়ি দেবে প্রশান্ত মহাসাগর৷এদিন পশ্চিম চিনের নানজিং শহর থেকে হাওয়াই দ্বীপের উদ্দ্যেশ্য রওনা দেবে সূর্যের আলোতে উড়া এই আকাশযান৷ রবিবার চিনের স্থানীয় সময়ানুসারে রাত ২-৪০ মিনিটে আকাশে উড়বে দ্যা সোলার ইমপালস-২৷ এই অভিযান সফল হলে সৌরশক্তিতে বিমান চলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে বিজ্ঞান৷
এই বছরে মার্চ মাসের ৯ তারিখে সৌরশক্তি চালিত বিমান দ্যা সোলার ইমপালস-২ আবুধাবি থেকে বিশ্ব সফর শুরু করে। পুনব্যবহারযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরশক্তি ব্যবহারে মানুষকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে বিশ্ব ঘোরার দুঃসাহসিক যাত্রায় নেমেছে সোলার ইমপালস-২। বিমান শিল্পের পক্ষ থেকে এই দুঃসাহসিক যাত্রা নিয়ে প্রথম দিকে হাসি-ঠাট্টা করা হয়েছে। দ্যা সোলার ইমপালস-২-এর আকাশপথ জয়ে বিশ্ব এখন আগ্রহী৷
এই দ্যা সোলার ইমপালস-২ সৌরশক্তিচালিত বিমানটি চালাচ্ছেন ৬২ বছর বয়সি সুইস পাইলট আন্দ্রে বোরসশেবার্গ৷ প্রশান্ত মহাসাগরের পাড়ি দিতে পাঁচ হাজার দুশো ৭০ মাইল বা সাড়ে আট হাজার কিলোমিটার আকাশপথে উড়তে হবে দ্যা সোলার ইমপালস ২-কে৷ তার জন্য প্রায় ১৩০ ঘণ্টা বা ছয় দিন ছয় রাত লাগবে। উচ্চতা ভেদে ঘণ্টায় ৯০ থেকে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে উড়তে পারবে এই বিমান। বিমানটি ওজনে একটি সাধারণ মোটর গাড়ির চেয়ে একটু বেশি।
এই যাত্রাপথে দৈনিক মাত্র ২০ মিনিট ঘুমানোর সময় পাবেন চালক আন্দ্রে বোরসশেবার্গ। যাত্রা পথে পাইলটের দায়িত্ব ছেড়ে একটুকুর জন্য এদিক-ওদিক সরতে পারবেন না তিনি তাই প্রাকৃতিক কাজ সারার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে পাইলটের আসন। আবহাওয়া অনুকূলে না থাকায় এর আগে বেশ কয়েক দফা তার যাত্রা স্থগিত করা হয়েছে। চরম অবস্থায় বিমান ত্যাগ করার মতো পরিস্থিতি দেখা দিলে আন্দ্রেকে প্যারাসুট দিয়ে মহাসাগরে নামতে হবে।
আন্দ্রে অবশ্য সংবাদমাধ্যমকে বলেছেন, এ যাত্রাপথে কোন ঝুঁকি তিনি দেখতে পাচ্ছেন না৷ তবে, কী কী সমস্যা দেখা দিতে পারে, তা দীর্ঘ সময় ধরে খতিয়ে দেখা হয়েছে বলেন জানান তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিমানটির একটি ইঞ্জিন খারাপ হয়ে গেলেও বাকি তিনটি দিয়ে উড়ান অব্যাহত রাখা যাবে। চরম পরিস্থিতির জন্য বিমানে লাইফ বোট আছে এবং তা কীভাবে ব্যবহার করতে হয় তাও জানা আছে বলে উল্লেখ করেন আন্দ্রে।
তিনি সংবাদমাধ্যমকে আরও জানান, এর আগে সোলার ইমপালস-২ এক নাগাড়ে ২৪ ঘণ্টার বেশি আকাশে উড়েনি৷ বিমানটিকে শক্তি যোগাবে ডানায় বসানো ১৭ হাজারের বেশি ফটোভোলটিক সেল বা সৌরবিদ্যুৎ কোষ।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম ডেস্ক


