মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মোদি জাতীয় সংসদে ভাষণ দেবেন কি না, সিদ্ধান্ত সোমবার

Modi - Copyবাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জাতীয় সংসদে ভাষণ দিতে দেয়া হবে কি-না তা নিয়ে সিদ্ধান্ত হবে সোমবার। এদিন বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় তলায় কেবিনেট কক্ষে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ সিদ্ধান্ত নেয়ার বিষয়টি অপেক্ষায় থাকলেও মোটামুটি নিশ্চিত যে, মোদি জাতীয় সংসদে ভাষণ দেবেন।

এর আগে নেপাল, মঙ্গোলিয়াসহ বেশ কয়েকটি দেশ সফরকালে নরেন্দ্র মোদি সে দেশের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলমান থাকবে। এ সময়ে তাকে সংসদের অধিবেশনে আসার আহ্বান জানানো হবে কি-না কিংবা সংসদে ভাষণ দেয়ার জন্য ডাকা হবে কি-না তা নিয়েই বৈঠকে আলোচনা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্তসহ সিনিয়র সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

এ বৈঠকে দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করা হবে। এছাড়া উত্থাপনীয় বিল, প্রশ্নোত্তর ও বাজেট আলোচনার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আগামী ৪ জুন বাজেট উত্থাপনের পর তার উপর ৪০ ঘণ্টা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। জুনের তৃতীয় সপ্তাহ থেকে রোজা শুরু হওয়ায় সকালের দিকে অধিবেশন শুরু হতে পারে।

নরেন্দ্র মোদি আগামী ৬ জুন দুইদিনের সফরে ঢাকা আসবেন।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
২১০০ ঘণ্টা, মে ৩১, ২০১৫

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *