রাজধানীতে পৃথক ঘটনায় তিন নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহতরা হল— সাথী আক্তার মিম (২০), আর্য বেগম (৩০) ও লাভলী আক্তার (১৮)। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর এভিনিউয়ের লালমাটিয়া এলাকার এক বাসায় সাথী আক্তার মিম নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তার খালা শাহেদা আক্তার জানায়, মিম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগামের শিক্ষার্থী। একই এলাকার মিন্টু নামে এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে গোপনে বিয়ে করে। তাদের বিয়ের বিষয়টি মিন্টুর পরিবার জানলে মেনে না নিয়ে তাকে তালাক দেওয়ার কথা বলে। এই খবর শুনে সে আত্মহত্যা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টুচন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, পল্লবীর ১২ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাসায় গৃহবধূ আর্য বেগম (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে স্বামী বাথরুমে গেলে এই ফাঁকে স্ত্রী আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অপরদিকে ভাষানটেক থানার পশ্চিম ভাসানটেক এলাকার ৬১/ই নম্বর বাসায় লাভলী আক্তার (১৮) নামের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
লাভলী আক্তার ওই বাসার গৃহকর্ত্রী ইরা বেগম এবং গৃহকর্তা মোয়াজ্জেম হোসেনের বাসায় দেড় বছর যাবত কাজ করত। ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, গৃহকর্ত্রীর খবরের মাধ্যমে আমরা লাশ উদ্ধার করেছি। তার বরাত দিয়ে তিনি জানান, লাভলী সকাল ১০টার দিকে বাথরুমে যায়। অনেকক্ষণ পর বের না হলে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন তার পা কমোটে এবং মাথা মেঝেতে পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম


