বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশেও উন্নত দেশের মতো জাতীয় পরিচয়পত্র হচ্ছে

BD-smart-card_ECবাংলাদেশের নাগরিকদের জন্য আধুনিক চিপকার্ড প্রযুক্তির জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রকল্প অনেকটাই এগিয়ে গেছে। আগামী অাগস্ট মাস থেকে ‘স্মার্ট’ পরিচয়পত্র দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীকে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই স্মার্টকার্ড তিন স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। আপাতত শুধু ভোটারদের জন্য এই কার্ড দেওয়া হলেও আগামী পর্বে ১৮ বছরের নিচের নাগরিকদেরও দেওয়া হবে।

জাতীয় পরিচয়পত্র হিসেবে স্মার্ট কার্ড বিতরণের জন্য গত ১৪ জানুয়ারি ফ্রান্সের অবার্থুর টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৮০০ কোটি টাকার চুক্তি করে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন-জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষ। এর আওতায় ২০১৬ সালের জুনের মধ্যে ৯ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম গত ৩১ মে জানিয়েছেন, স্মার্ট কার্ড দেওয়ার প্রস্তুতি শেষ হয়েছে, শিগগিরই কার্ড প্রস্তুত শুরু হবে। উদ্বোধনের সময় নির্ধারণ হওয়ার পরই গণাধ্যমকে বিস্তারিত জানাব। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন জানান, স্মার্ট কার্ড বিতরণে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর একটি পরিকল্পনা রয়েছে। তবে তাদের সময় পাওয়া সাপেক্ষে তা নির্ধারণ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে আঠারোর কম বয়সীদের তথ্য সংগ্রহের কাজও শিগগিরই শুরু হবে।

এদিকে ১৮ বছরের কম বয়সীদের স্মার্ট কার্ড দিতে দ্বিতীয় প্রকল্পের (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস-আইডিয়া-টু) জন্য বিশ্ব ব্যাংকের কাছে প্রায় ২৫ কোটি ডলার আর্থিক সহায়তার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রকল্পের মূল কার্যক্রম হবে- ১৮ বছরের কম বয়সীদের তথ্য জাতীয় তথ্যভাণ্ডারে নেওয়া এবং আরও প্রায় ৯ কোটি স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরি করা।

এছাড়া ভবিষ্যতে সব নাগরিকই সব সেবার জন্যে একটি নির্দিষ্ট পরিচিতি নম্বর পাবেন। ওই নম্বরই হবে তাদের পরিচিতি। যখন একটি শিশু জন্ম নেবে তার একটা আইডি হবে। তার জন্ম নিবন্ধন হয়ে গেলে তার নিবন্ধন নম্বর আর পরিবর্তন হবে না। এটাই পরবর্তীতে এনআইডি নম্বর হবে। যখনই শিশুটি আইডি কার্ড পাওয়ার যোগ্য হবে তখনই ওই নম্বরে তাকে কার্ড সরবরাহ করা হবে। বুয়েট, কম্পিউটার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি কমিশনকে উপস্থাপন করা হবে।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন