বুধবার ৪ নভেম্বর ২০২৬

জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে বাধার অভিযোগ বিএনপির

khaleda-khabarদলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন ১ জুন এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

রিপন বলেন, ‘জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেওয়া দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি, শোক র‌্যালির মতো নেহাত সামাজিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার অসংখ্য অভিযোগ দলের বিভিন্ন শাখা থেকে পেয়ে আমরা স্তম্ভিত হয়েছি।’

তবে কোথায় কোথায় বাধা দেওয়া হয়েছে বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে রিপন বলেন, দেশে জরুরি পরিস্থিতি জারি নেই, তবুও সরকার অব্যাহতভাবে প্রতিনিয়ত মৌলিক মানবাধিকারগুলো হরণ করে চলেছে। তিনি বলেন, ‘দমন-নিপীড়নমূলক পদক্ষেপ থেকে সরে এসে, সরকার বিরোধী দলগুলোকে অবাধে তাদের অধিকার চর্চার জন্য ‘ডেমোক্রেটিক স্পেস’ কে সংকুচিত করার কৌশল থেকে বেরিয়ে এসে রাজনীতিতে অবাধ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে জরাগ্রস্ত, ভঙ্গুর ও মৃতপ্রায় গণতান্ত্রিক ব্যবস্থাকে বাঁচিয়ে তুলতে পরমত সহিষ্ণুতার পরিচয় দিতে দ্রুতই বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে বলে বিএনপি এখনো আশা করে।’

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন