কোলে থাকা দেড় বছরের শিশুকে কেড়ে নিয়ে চারজন মিলে নৌকায় গৃহবধূকে ধর্ষণ করেছে চার দুবৃত্ত। অন্ধ স্বামী এ সময় পাশেই ছিল। কিশোরগঞ্জ জেলার মিঠামইন হাওর এলাকার এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চার যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার মামলার পরপরই প্রধান আসামি তৌফিককে (৩৫) কেওয়ারজোর এলাকা থেকে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে সোমবার মামলার বাদী ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এ ছাড়া গ্রেফতার প্রধান আসামি তৌফিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
ঘটনার বর্ণনা দিয়ে গৃহবধূ বলেন, ‘২০ মে সন্ধ্যায় মিঠামইনের হোসেনপুর থেকে নৌকায় করে কেওয়ারজোর মায়ের বাড়িতে যাচ্ছিলাম। উপজেলার লাউকুড়া হাওরে তৌফিক নামের এক লোক তার তিন বন্ধুকে নিয়ে আমার কোলে থাকা এক বছরের শিশুকে কেড়ে নেয়। এরপর শিশুটিকে ছুরি দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে আমার ওপর নির্যাতন চালায়।’ তিনি আরও বলেন, ‘গরীবের মেয়ে হয়ে জন্মেছি। বিয়ে করেছি, স্বামী অন্ধ। এরপরও কোনো কষ্ট নাই। এক ছেলে সন্তান আছে। কিন্তু নরপশুর বাচ্চারা যে এত খারাপ আমি কোনো দিনও চিন্তা করতে পারিনি।’
মামলার তদন্ত কর্মকর্তা ও মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করে। গৃহবধূকে ভয়ভীতি ও টাকার লোভ দেখানো হয়। রবিবার রাতে ওই গৃহবধূ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। তিনি আরও বলেন, প্রধান আসামি তৌফিককে গ্রেফতার করা হয়েছে। তবে কৌশলগত কারণে অপর আসামীদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


