ঢাকায় চলাচলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ গাড়ি আসছে নয়াদিল্লি থেকে। এছাড়া প্রধানমন্ত্রীর গাড়ির সামনে পিছনে যাতায়াত করার জন্য এসপিজির জন্যও অন্তত দু’টি বিশেষ আর্মাড ভেহিকেল আসবে। বিশেষ এই গাড়িগুলো ভারতীয় বায়ুসেনরা বিশেষ বিমানে জুনের ৩ থেকে ৪ তারিখের মধ্যেই ঢাকা আসতে পারে বলেও সূত্র জানায়।
এদিকে আগামী ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তার নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য অগ্রগামী দল ঢাকায় এসেছে। সফরের আগে আরও বেশ কয়েকজন সদস্য ঢাকায় আসবেন বলে জানা গেছে।
সোমবার ঢাকায় আসা সে দেশের ব্ল্যাকক্যাট কমান্ডো ও স্পেশাল প্রটেকশন গ্রুপের ২৪ সদস্যের দলটি এরইমধ্যে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। মোদির নিরাপত্তার বিষয়টি সমন্বয়ের জন্য ব্ল্যাকক্যাট ও এসপিজি’র সাথে বাংলাদেশের নিরাপত্তা ওগোয়েন্দা এজেন্সিগুলোর সদস্যদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে।
ব্ল্যাকক্যাট কমান্ডো হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিশেষ এলিট ফোর্স। এরা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) সদস্য। সন্ত্রাসী হামলা দমন ও দেশকে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রক্ষা করাই এদের দায়িত্ব। ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও আধা সামরিক বাহিনীর সদস্যদেরকে নিয়ে ব্ল্যাকক্যাট কমান্ডো গঠিত। এছাড়া সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে এসপিজি গঠিত।
সূত্র জানায়, মোদির সফরের আগে ভারত থেকে একটি বিশেষ বুলেট প্রুফ গাড়ি ঢাকায় আসবে। এ গাড়িতে করেই মোদি ঢাকার রাস্তায় চলাচল করবেন। ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় কোথায় অবস্থান করবেন সে বিষয়টি চূড়ান্ত হলেও তা প্রকাশ না করার বাধ্যবাধকতা রয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সফরের সময়ের তুলনায় ভারতের প্রধানমন্ত্রীর সফরে বেশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ৩ জুন থেকেই নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে ঢাকায়। ৭ জুন পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। ৬ জুন সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদি যে সড়ক দিয়ে চলাচল করবেন সেসব সড়কের সার্বিক নিরাপত্তার অবস্থা এরই মধ্যে বিশ্লেষণ করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছে ভারতীয় এসপিজি ও ব্লাকক্যাট। শুধু সড়ক পথে নয়, নরেন্দ্র মোদির নিরাপত্তার জন্য নিরাপত্তা সংস্থার সদস্যদের নিয়ে আকাশেও চক্কর দেবে বিশেষ হেলিকপ্টার।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
০৮৩০ ঘণ্টা, জুন ১, ২০১৫



Leave a Reply