প্রায় দুই বছর ধরে বাজারে আসছি আসছি করে অবশেষে ১ জুন হকারের কাছে গেল নতুন ‘দৈনিক আজকের পত্রিকা’। এর আগে বেশ কয়েকবার আত্মপ্রকাশের তারিখ ঘোষণা থাকলেও তা বাস্তব রূপ পায়নি। টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়েও প্রথমদিন হিসেবে পত্রিকাটি পাঠকের মাঝে তেমন কোনো আলোচনাই জন্মাতে পারেনি। হকারদের কাছেও অবশ্য প্রথমদিন খুব বেশি পত্রিকা দেওয়া হয়নি।
নিয়মিত ৮ পৃষ্ঠার তিন টাকার পত্রিকা হিসাবে প্রকাশ হবে প্রবাসী পল্লী গ্রুপ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালিত পত্রিকাটি।
আজকের পত্রিকার সম্পাদকের দায়িত্বে রয়েছেন সফিকুল ইসলাম (লুতু ভাই হিসেবে যিনি পরিচিত)। হবিগঞ্জের মানুষ সফিকুল ইসলাম কর্মজীবনে সংবাদপত্রের জেনারেল সেকশনে চাকরি করলেও এই প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাবাজার পত্রিকায় জেনারেল ম্যানেজার ও নাঈমুল ইসলাম খানের আমাদের সময়ে শুরুর দিকে কিছুদিন ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।
পত্রিকাটির একটি সূত্র জানায়, ‘আজকের পত্রিকা’ নিয়ে অবশ্য সম্পাদক বেশ আশাবাদী। বিশেষত অন্য ধরনের একটি পত্রিকা করার স্বপ্ন তিনি দেখছেন। যদিও গত দেড় বছরে আজকের পত্রিকায় নিয়মিত বিরতিতে সাংবাদিকরা চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। আবার পত্রিকা কর্তৃপক্ষও অনেককে চাকরিচ্যুত করেছে। ফলে পত্রিকাটির রিপোটিং টিম তেমন সক্ষম হয়ে উঠতে পারেনি। তবে গত সপ্তাহে কালের কণ্ঠ থেকে অব্যাহতি পাওয়া কয়েকজনকে আজকের পত্রিকায় যোগদানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ প্রতিনিধি হিসেবে কাজী হাফিজ এরই মধ্যে যোগদান করেছেন। খুব শিগগিরই আরও কয়েজন যোগদান করবেন।
পত্রিকাটিতে সম্পাদক সফিকুল ইসলামের প্রধান পরামর্শদাতা হিসেবে হিসেবে রয়েছেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ। তিনি পত্রিকাটিতে কি ধরনের সংবাদ প্রকাশ হওয়া উচিত তা নিয়মিত তদারকি করে থাকেন। অবশ্য সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমিতে চাকরির কারণে তিনি আজকের পত্রিকার কোনো পদ গ্রহণ করেননি বলে সূত্র জানায়।
আজকের পত্রিকার বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসিবুল ফারুক চৌধুরী, প্রধান প্রতিবেদক আব্দুল্লাহ আল ফারুক ও মফস্বল সম্পাদকের দায়িত্বে রয়েছেন আবুল কালাম আজাদ।
রাজধানী ঢাকার গুলশান-বাড্ডা লিংক রোডে বাড্ডা অংশে এর কার্যালয়।
নিজস্ব প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply