আইসিসি-র প্রেসিডেন্ট পদের মনোনয়ন থেকে নিজেকে সরিয়ে নিলেন নাজম শেঠি৷ সেই জায়গায় কোনও টেস্ট ক্রিকেটারের নাম মনোনয়ন করার জন্য পিসিবি-র কাছে তদ্বির করলেন বোর্ডের একজিকিউটিভ কমিটির প্রধান৷
বিশ্বকাপের পরই আইসিসি-র প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন মুস্তাফা কামাল৷ তার পরই অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন পিসিবি চেয়ারম্যানের নামে সিলমোহর পড়ে৷
চলতি মাসে বার্বেডোজে আইসিসি-র বৈঠকে প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার কথা ছিল শেঠির৷ কিন্তু তার আগেই সরে দাঁড়ান তিনি৷ আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন শেঠি৷ তিনি লিখেছেন, ‘আমার মতে আইসিসি-র প্রেসিডেন্ট পদে কোনও প্রাক্তন টেস্ট ক্রিকেটারের বসা উচিত৷ পিসিবি-কে আমি কোনও প্রাক্তন টেস্ট ক্রিকেটারের নাম জানাতে বলেছি৷’
বিশ্বকাপ ফাইনালে ট্রফি না-দিতে দেওয়ায় শ্রীনির বিরুদ্ধে তোপ দেগে আইসিসি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের মুস্তাফ কামাল৷ এর পরই এই পদের জন্য শেঠির নাম বিবেচিত হয়৷ কিন্তু তিনি সরে দাঁড়ানোয় বিকল্প নাম জানাতে চলেছে পিসিবি৷ শোনা যাচ্ছে, প্রাক্তন টেস্ট ক্রিকেটার মজিদ খান, জাহির আব্বাস অথবা রামিজ রাজার মধ্যে কাউকে মনোনয়ন করতে পারে পিসিবি৷
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


