বুধবার ৪ নভেম্বর ২০২৬

নায়ক রিয়াজ কন্যা সন্তানের বাবা হলেন

Riaz-wife2বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয় নায়ক রিয়াজ বাবা হয়েছেন। একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মাসফিকা তিনা। গত শনিবার বেলা তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এ শিশুর জন্ম হয়। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন রিয়াজ। রিয়াজ ও তিনা মেয়ের নাম রেখেছেন আমেরা সিদ্দিকী।

প্রথম সন্তানের বাবা হওয়ার আন্দঘন অনুভূতি জানিয়েছেন রিয়াজ। বলেছেন, বাবা হওয়ার অনভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে শুকরিয়া যে সন্তান ও মা দুজনই সুস্থ আছে। আমার স্ত্রী-সন্তানের জন্য সবাই দোয়া করবেন।

মডেল তিনার সঙ্গে বিয়ে হয় ২০০৭ সালের ১৮ ডিসেম্বর। বিয়ের প্রায় আট বছর পর সন্তানের মুখ দেখলেন এই তারকা দম্পতি। গত শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনা।

সন্তান জন্ম দেওয়ার আগে তিনার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে তাঁর রক্তের প্রয়োজন হয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে রক্ত দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকেন রিয়াজ ভক্তেরা। মুহূর্তের মধ্যে ১৭০ ব্যাগ রক্তের ব্যবস্থা হয়ে যায়। ভক্তদের এমন অকৃত্রিম ভালোবাসায় অভিভূত হন রিয়াজ।

রিয়াজ বলেন, ‘সন্তানের মুখ দেখার পর প্রচণ্ড আনন্দে আমার কান্না চলে আসে।’ রিয়াজ আরও বলেন, ‘তিনা সন্তান জন্ম দেওয়ার আগে জটিলতা দেখা দেয়। তার রক্তের প্রয়োজন হয়। তার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। বিষয়টি জানার পর অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আমার সঙ্গে যোগাযোগ করে রক্ত দিতে চান। মুহূর্তের মধ্যে ১৭০ ব্যাগ রক্তের ব্যবস্থা হয়ে যায়। ভক্তদের এমন ভালোবাসা পেয়ে আমি অভিভূত হয়ে যাই।’

বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন