আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের পর সময়ে দুই মাস আগেই শূন্য হয়েছে আইসিসির সভাপতি পদটি। নতুন সভাপতি পদে এবার পাকিস্তান থেকে মনোনয়ন পাচ্ছেন জহির আব্বাস। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের সাবেক এই অধিনায়কই আইসিসির সর্বোচ্চ পদে বসবেন। পরবর্তী এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদে।
৬৭ বছর বয়সী জহির আব্বাস পাকিস্তানের হয়ে খেলেছেন ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে। টেস্টে ৫০৬২ আর ওয়ানডেতে ২৫৭২ রানের অধিকারী এই কিংবদন্তি ক্রিকেটার পরিচিত ‘এশিয়ার ব্র্যাডম্যান’ হিসেবে। খেলা ছাড়ার পর পাকিস্তান ক্রিকেটে সংগঠক হিসেবেও তাঁর অভিজ্ঞতাটা নেহাতই মন্দ নয়। বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথমে কথা ছিল আইসিসির সভাপতি পদে পাকিস্তান থেকে মনোনয়ন পাবেন সাবেক বোর্ড সভাপতি নজম শেঠি। কিন্তু এক দিন আগে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় জহির আব্বাসকে এই পদের জন্য মনোনয়ন দেওয়া হল। এই মাসের শেষে বারবাডোজে আয়োজিত আইসিসির বোর্ড সভায় নতুন সভাপতি হিসেবে জহির আব্বাসের মনোনয়ন অনুমোদন করার কথা। অনুমোদন হয়ে গেলে আগামী ১ জুলাই থেকেই তিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


