বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষিকাকে নিগ্রহ: মামলা

Rape-ggtএক স্কুল শিক্ষিকাকে অনৈতিক কাজে রাজি করাতে না পেরে তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার ১ জুন বরগুনার কুমড়াখালী শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে ওই শিক্ষিকা দাবি করেন। তবে সহকারী শিক্ষক দীপক কুমার রায় তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় বেতাগী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই শিক্ষিকা। এছাড়া বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ওই শিক্ষিকা বলেন, স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় শিক্ষকতার রোজগার দিয়েই চিকিৎসা ও সংসার চলছে। বাধ্য হয়ে দুই সন্তানকে নানার বাড়ি রাখতে হয়। স্বামীর অসুস্থতা ও পরিবারের অসহায়ত্বের এ সুযোগ অনেকেই নিতে চায়। তিনি বলেন, শিক্ষক দীপক কুমার রায়ও এমন ‘অনৈতিক প্রস্তাব’ দিয়েছিল।

কিন্তু তিনি রাজি না হওয়ায় সোমবার বিকালে তাকে স্কুলের লাইব্রেরি রুমে ডেকে নিয়ে ‘জুতাপেটা’ করে ও ‘অশ্লীল গালাগাল’ দিয়ে স্কুল থেকে বের করে দেন। তিনি বলেন, ওই সময় ‘তুই’ সম্বোধন করে দীপক কুমার চিৎকার করে তাকে বলেন- ‘এই স্কুল আমার বাপ-দাদার। আমি বলছি, তুই আর এই স্কুলে আসবি না।’ এ ব্যাপারে স্কুলটির প্রধান শিক্ষক ফণিভূষণ সিংহ জানান, তিনি অফিসের কাজে বর্তমানে বরিশালে রয়েছেন। তবে ঘটনাটি তিনি শুনেছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী বলেন, ঘটনাটি অপ্রীতিকর। এ বিষয়ে সরাসরি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। বেতাগী থানার ওসি রফিকুল ইসলাম জানান, নির্যাতিত শিক্ষিকা থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দীপক কুমার রায় নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, তার সঙ্গে ‘সামান্য কথা কাটাকাটি’ হয়েছে। কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন