বাংলাদেশে বৃহস্পতিবার মধ্যরাতের পর দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। ঢাকার পাশে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন এবং সিলেটের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়।
ঢাকার ধামরাই উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত কমপক্ষে ১৫ জন। ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ওবায়দুল হক (৭০), শহীদুল ইসলাম (২১) ও শামসুর রহমান (৪৫)। নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহত ১৫ জন ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বাসটি ঢাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ধামরাইয়ের জয়পুরা এলাকায় ইটবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর সময় সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়ে। ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশ বাসের বিভিন্ন অংশ কেটে যাত্রীদের বের করে।
ফিরোজ তালুকদারের ভাষ্যমতে, বাসের বিভিন্ন অংশ কেটে বের করার সময় এক নারী ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। বের করতে করতেই তিনি মারা যান। ঘটনাস্থলে ওবায়দুল হক নামের আরও একজন নিহত হন। আহত অবস্থায় শহীদুল ও শামসুরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।
এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে গাছের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকার রাজু স্বর্ণকার (৩২), সবুজ স্বর্ণকার (৩০) ও অজ্ঞাতনামা গাড়িচালক। আহত ব্যক্তিরা মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিনের ভাষ্য, যাত্রীরা সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। সিরাজনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনা ঘটে। রাজু ও সবুজ ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে গাড়িচালক মারা যান।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply