বাস সার্ভিস উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে প্রথম সফরে নরেন্দ্র মোদী ঢাকায় আসার পর বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুদেশের মধ্যে দুটি রুটে এই বাস সার্ভিসের উদ্বোধন হয়। উদ্বোধনের পর তিনটি বাসের একটি শিলং, একটি কলকাতা ও একটি আগরতলার পথে ছেড়ে যায়।
এসময় দুই প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাসে উঠেন। পরে বাস থেকে নেমে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী ও শেখ হাসিনা পতাকা নেড়ে শুভেচ্ছা জানান। পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম, ত্রিপুরা সড়ক পরিবহন নিগম ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নাম প্রদর্শনী করা হয়।
১ জুন পরীক্ষামূলক সেবার আওতায় কলকাতা-ঢাকা-আগরতলা রুটের প্রথম যাত্রীবাহী বাস বাংলাদেশ হয়ে আগরতলা যায়। পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল ওই বাসে আসেন। ২২ মে ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রথমবারের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি ২৬ আসনের বাসে ২২ সরকারি কর্মকর্তা গুয়াহাটির পথে রওনা দেন।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


