জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘড়িতে যখন ১১টা ২৫ মিনিট ঠিক তখনি দু’হাত বাড়িয়ে বাহারি রংয়ের ফুলে সাজানো পুস্পস্তবক স্মৃতিসৌধের শহীদ বেদিতে অর্পণ করেন মোদি। এরপর নীরবে দাঁড়িয়ে থেকে বিনম্র শ্রদ্ধা জানান। সঙ্গে বেজে ওঠে বিউগলের করুন সুর। সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছে সফরসঙ্গীদের নিয়ে প্রথমেই তিনি চলে যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি পৌঁছান ১১টা ১৫মিনিটে।
স্মৃতিসৌধে তাকে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাভারের সাংসদ ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, ঢাকার ডিসি মো. তোফাজ্জল হোসেন মিয়া ও ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান।
শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মোদি। এরপর গণকবর পরিদর্শন শেষে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি উদয় পদ্ম (চাপা ফুল, ইংরেজি নাম ম্যাগনোলিয়া) রোপণ করেন মোদি।
বেলা ১১টা ৪০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন মোদি। এদিকে মোদির সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ। সকাল থেকেই আইনশৃংখলা বাহিনী পুরো স্মৃতিসৌধকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। পুরো এলাকাজুড়ে চলে সেনা, পুলিশ ও র্যাবের টহল। বসানো হয় সিসি ক্যামেরা।
ঢাকা-আরিচা মহাসড়কেও যান চলাচল শিথিল করা হয়েছে। আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কের দু`পাশেই পাহাড়া দিয়েছে কয়েক’শ পুলিশ সদস্য। নিরাপত্তার খুঁটিনাটি দেখতে ঘনঘন টহল গাড়ি নিয়ে হাজির হচ্ছেন পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply