ঢাকায় পৌঁছে সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমেই সাভার জাতীয় স্মৃতিসৌধে চলে যান মোদি। সেখান থেকে সোয়া ১১টার দিকে মোদির গাড়িবহর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দিকে যায়। ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান মোদি।
দুপুর সাড়ে ১২টার পর সেখান থেকে বেরিয়ে হোটেল সোনারগাঁওয়ের দিকে যায় নরেন্দ্র মোদির গাড়িবহর।
এসবের মধ্যেই নরেন্দ্র মোদির যাতায়াতের জন্য বিভিন্ন সড়কে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করায় অসহনীয় যানজটে পড়েন রাজধানীবাসী। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থেকে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি অনেকে। অনেকে বাধ্য হয়ে ফিরে গেছেন বাসায়। সময়মতো স্কুল-কলেজে যেতে পারেননি শিক্ষার্থীরাও।
রাজধানীতে হঠাৎ এরকম তীব্র যানজটের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
নরেন্দ্র মোদির গাড়িবহর চলাচলের জন্য গাবতলী থেকে ধানমণ্ডি আসার পথে এবং সেখান থেকে কারওয়ান বাজারে যাওয়ার পথে যান চলাচল নিয়ন্ত্রণের কারণে মিরপুর রোড ও পান্থপথের সড়ক বন্ধ থাকায় সংশ্লিষ্ট সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
যানজটের কারণে মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও থেকে খামারবাড়ি, মহাখালী থেকে ফার্মগেট হয়ে শাহবাগ পর্যন্ত সড়কে প্রচণ্ড গরমের মধ্যে নগরবাসীকে আটকে থাকতে হয়েছে দীর্ঘ সময়।
এছাড়া মিরপুর রোড-সংলগ্ন সায়েন্স ল্যাবরেটরি, পান্থপথ ও আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত সড়কসহ বিভিন্ন অলিগলিতেও যানজট ছড়িয়ে যায়।
বাংলা মোটর থেকে মগবাজার হয়ে মালিবাগ ও মৌচাকসহ সংশ্লিষ্ট সড়কেও যানজট লেগে ছিল।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply