বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাবধান! পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে ছিনতাই-লুট চলছে

DB=Policeবাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে এক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ধরে নিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ব্যবসায়ী মো. শামীম (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাজধানীর গাউছিয়া মার্কেটে তাঁর কাপড়ের দোকান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহতাবস্থায় শামীমকে নিয়ে আসেন তাঁর ভাই ইকবাল হোসেন।

শামীম জানান, গতকাল বিকেলে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ঢাকা ব্যাংক থেকে ১ লাখ ৭০ হাজার টাকা তুলে তিনি রাস্তায় যানবাহনের জন্য দাঁড়ান। এ সময় সামনে-পেছনের কাচে ডিবি পুলিশ স্টিকার সাঁটানো একটি মাইক্রোবাস এসে দাঁড়ায়। এরপর দরজা খুলে তাঁকে গাড়িতে তুলে নেয় তারা। গাড়িতে ওঠানো মাত্রই তাঁর চোখ বেঁধে ফেলা হয়। এরপর হাঁটুতে লোহার পাইপ দিয়ে, পায়ের পাতায় কাঠের টুকরো দিয়ে মারা শুরু করে তারা। পিস্তলের বাঁট দিয়ে ঘাড়েও আঘাত করা হয়।

তিনি যতই বলেন, ভাই আমাকে মারেন কেন। তারা বলে, ‘কোনো কথা কবি না।’ তাঁর কোমরে গোঁজা টাকাগুলো বের করে নেয় তারা। প্রায় আধা ঘণ্টা চলার পরে রাজধানীর শ্যামলী মাঠের পাশে একটি গলিতে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এরপর লোকজন তাঁকে উঠিয়ে চোখের বাঁধন খুলে দেয়। পরে তিনি রিকশা নিয়ে গাউছিয়া মার্কেটে এসে স্বজন ও অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানান।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, তাঁকে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি থেকে ফোন করা হয়েছিল। তবে তাঁর লোক গিয়ে হাসপাতালে ব্যবসায়ী শামীমকে খুঁজে পায়নি। তাঁর আগেই ছুটি নিয়ে শামীম বাসায় চলে গেছেন।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *