ভারতের প্রধানমন্ত্রীর সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হওয়া নিয়ে আগের দিন সংবাদ সম্মেলন করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সমালোচনা করেছেন মন্ত্রিসভার সদস্যরা। ঢাকায় সচিবালয়ে সোমবার ৮ জুন শেখ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই সমালোচনা করা হয়। বৈঠক সূত্র এ তথ্য জানায়।
মোদির সফরে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা হওয়া-না হওয়া নিয়ে গুঞ্জনের মধ্যে সফরের আগের দিন শুক্রবার বেলা এগারোটার দিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী নিজ দপ্তরে সংবাদ সম্মেলেন বলেন, ‘মোদির সফরে খালেদা জিয়ার দেখা হওয়ার কোনো সুযোগ নেই। আমার মনে হয়না খালেদা জিয়ার সঙ্গে মোদির কোনো বৈঠকের সুযোগ আছে।’ তিনি এ কথা বলার পর বিকেলের দিকে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেখা হবে রোববার বিকেলে। ভারতের পররাষ্ট্রসচিবের এই তথ্য অনুযায়ী নির্ধারিত সময়ে ও নির্ধারিত স্থানেই দেখা হয় মোদি-খালেদার। ভারতের পররাষ্ট্রসচিবের শুক্রবার দেওয়া তথ্যের আগেই আমাদের অর্থনীতিসহ বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে অবশ্য মোদির সঙ্গে খালেদার দেখা হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায়।
এরপরও পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার দুপুরে কেন এভাবে তথ্য দিলেন তা নিয়েই মূলত সোমবার অন্য কয়েকজন মন্ত্রীর তোপের মুখে পড়েন তিনি। ‘খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না, সরকারের পক্ষ্যে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি’- বলে পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন মন্ত্রিসভার একাধিক সদস্য। এসময় অবশ্য প্রধানমন্ত্রী শুধু শুনেছেন, কোনো মন্তব্য করেননি।
এদিকে কূটনৈতিক একটি সূত্র জানায়, নরেন্দ্র মোদির সফরে খালেদা জিয়ার সঙ্গে কর্মসূচি আসলে নির্ধারণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


