জাতীয় প্রেসক্লাবের অতীতের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যুগ্মসম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবস্থাপনা কমিটির সভায় গত কয়েক বছরের জাতীয় প্রেসক্লাবের অনিয়ম ও দুর্নীতি উদঘাটন করে শ্বেতপত্র প্রকাশে জি কিবরিয়া এফ সি এ ফার্মকে অডিট করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ক্লাবের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ক্লাব সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি ‘উন্নয়ন কমিটি’ও গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হলেন- গোলাম সারওয়ার, ইকবাল সোবহান চৌধুরী, আমানুল্লাহ কবীর, খোন্দকার মনিরুল আলম, মনজুরুল আহসান বুলবুল, মাহফুজ উল্লাহ, কার্তিক চ্যাটার্জি, এলাহী নেওয়াজ খান ও গোলাম মহিউদ্দিন খান।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


