বুধবার ৪ নভেম্বর ২০২৬

অধ্যক্ষে চেয়ারে হিজরা মানবীর প্রথম দিন

WB-Hijra-principalপশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উইমেন্স কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন মানবী বন্দ্যোপাধ্যায়। কোনও রূপান্তরকামী তৃতীয় লিঙ্গের মানুষের কলেজ অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার ঘটনা ভারতবর্ষে এই প্রথম। কলেজের পড়ুয়া ও শিক্ষক এবং কর্মচারী সোল্লাসে অভ্যর্থনা জানান অধ্যক্ষকে।

মঙ্গলবার ৯ জুন কলেজে গেলে ছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। স্থায়ী অধ্যক্ষ পাওয়ার খুশিতে মিষ্টি বিতরণ করা হয় সকলের মধ্যে। ছাত্রীদের দাবি, রূপান্তরকামী মানবীর হাত ধরে আরও উন্নত হবে কলেজ। আবেগে উদ্বেল হয়ে মানবী বলেন, ছাত্রীদের নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়াই হবে তাঁর প্রথম পদক্ষেপ।

৫০ বছরের মানবী বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিজের যোগ্যতায় তিনি এই জায়গায় পৌঁচেছেন। এই নিয়োগের ক্ষেত্রে তিনি মানব না, মানবী বা তৃতীয় কোনও লিঙ্গ-তার কোনও ভূমিকাই নেই।লিঙ্গ সংক্রান্ত পরিচয় তাঁর কর্মজীবনে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি বা এতে তিনি কোনও বাড়তি সুবিধা পাননি বলেও তিনি জানিয়েছেন।
অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ার সময় তৃতীয় লিঙ্গ হিসেবে নিজেকে চিহ্নিত করেন তিনি।

উপাচার্য রতন লাল হাংলু মানবী বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে বলেছেন, নয়া অধ্যক্ষর জন্য তিনি গর্বিত। তাঁর এই নিয়োগ সংশ্লিষ্ট সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণার কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, এই ঘটনাই প্রমাণ হল, আইনের চোখে কোনও লিঙ্গ বৈষম্য নেই।

কৃষ্ণনগর উইমেন্স কলেজের অধ্যক্ষর দায়িত্ব নেওয়ার আগে মানবী বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *