ফতুল্লা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে আজ বুধবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে নয়টায় টস জেতার পর কোহলি বলেন, ভালো ব্যাটিং উইকেটের পুরো সুবিধা নিতে চায় তারা। টসে হারার পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানান, উইকেট আরো ধীর হবে সময় গড়ালে।
শুরুতে কিছুটা ধীরে খেললেও শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দ্রুত রান তুলতে থাকে ভারত।
ফতুল্লায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের শুরুতে আঁটসাঁট বোলিং করেন মোহাম্মদ শহীদ ও সৌম্য সরকার। তবে পরে হাত খুলে মারা শুরু করেন ধাওয়ান। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান। শিখর ধাওয়ান ৪১ ও মুরালি বিজয় ৪ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের।
বাংলাদেশ দলে ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ তাই চার জন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। দলে বিশেষজ্ঞ পেসার কেবল মোহাম্মদ শহীদ।
টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান তৃতীয়। বাংলাদেশ নয় নম্বরে। র্যাঙ্কিংয়ে ব্যবধান যা-ই থাকুক না কেন, ভারতকে মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম ও মোহাম্মদ শহীদ।
ভারতের একাদশ: মুরালি বিজয়, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন ও উমেশ যাদব।
ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


