সরকারকে না জানিয়ে স্যাটেলাইটের ভাড়া ও আন্তর্জাতিক বার্তা সংস্থার খরচের টাকা বিদেশে পাঠানোর দায়ে ১১টি স্যাটেলাইট চ্যানেলকে চিঠি দিয়েছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়। চিঠি পাঠানোর পর বুধবার ১০ জনু এ নিয়ে ঢাকায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বৈঠকও করেছেন সংশ্লিষ্টরা।
তথ্য মন্ত্রণালয়ের টিভি শাখা থেকে পাঠানো ওই চিঠিতে বিদেশী ‘বার্তা সংস্থা এবং স্যাটেলাইট ভাড়ার অর্থ’ বাংলাদেশী চ্যানেলগুলো তথ্য মন্ত্রণালয়কে না জানিয়ে কীভাবে পরিশোধ করে তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।
তথ্য মন্ত্রণালয় যে সব টেলিভিশন চ্যানেলে বৈদেশিক লেনদেনের ব্যাপারে জানতে চেয়ে চিঠি দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— একাত্তর টেলিভিশন, এনটিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, চ্যানেল আই, যমুনা টেলিভিশন, দেশ টিভি, একুশে টেলিভিশন, মাই টিভি, বিজয় টিভি ও চ্যানেল নাইন।
বাংলাদেশে ৩টি সরকারি ও ২৩টি বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে এই ১১টি চ্যানেল তাদের বৈদেশিক লেনদেন সম্পর্কে তথ্য মন্ত্রণালয়কে কোনো তথ্য জানায় না। এই জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলোর কাছে বৈদেশিক লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সম্প্রচার) নাসির উদ্দিন বলেন, ‘কিছু চ্যানেল তাদের বৈদেশিক বিল পরিশোধের জন্য আমাদের কাছে আবেদন করেছে। যারা করেনি তাদের চিঠি দেওয়া হয়েছে।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টেলিভিশন চ্যানেলগুলো প্রতিবছর বিদেশী বিভিন্ন বার্তা সংস্থার বিল ও স্যাটেলাইট ভাড়া বাবদ বড় অঙ্কের অর্থ পরিশোধ করে। কিন্তু এ সব অর্থ কিভাবে পরিশোধ করা হয় তার পদ্ধতি বা হিসাব সরকার জানে না। তাই এই বিষয়টি সরকারের নজরদারিতে আনার জন্য তথ্য মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে চায়। এর আগেও এই বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু উল্লিখিত চ্যানেলগুলো বাদে অন্যান্য চ্যানেল এই বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।
বুধবার ১০ জুন এই বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলমের সভাপতিত্বে সচিবালয়ে একটি বৈঠক হয়েছে। জানতে চাইলে মাহবুবুল আলম জানান, ‘সব টেলিভিশন চ্যানেলকেই সরকারকে জানিয়ে তাদের বৈদেশিক বিল পরিশোধ করতে হবে। কিছু চ্যানেল আবেদন করেছে। যারা করেনি তাদের চিঠি দেওয়া হয়েছে।’
মিডিয়া ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply