প্রকৃতির ডাক এলেই এক টাকা পাওয়া যাবে৷ যতবার বাথরুম যাবেন ততবারই মিলবে হাতে গরম এক টাকা! ভারতের আহমেদাবাদে এই সুবিধাটি মিলবে। রাস্তার ধারে সুলভে শৌচালয় ব্যবহার করলে এতদিন এক-আধটা আধুলি কিংবা এক টাকা দিয়ে প্রাকৃতিক কম্মটি সারতে হত৷
ভারতের বিভিন্ন্ প্রান্তে বেশিরভাগ জায়গাতেই ডাহা ফেল করেছে ‘টাকা দিয়ে শৌচালয় ব্যবহার’-এর প্রকল্প৷ তাই এবার ঠিক উল্টো আয়োজন করছে আমেদাবাদ পৌরসভা৷ খোলা আকাশের নিচে মল-মূত্র ত্যাগের অভ্যাস বন্ধ করার জন্যই গুজরাতের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রবীণ পটেল এই ব্যবস্থা চালু করতে চলেছেন৷আগামী আট-দশদিনের মধ্যেই চালু হবে প্রকল্পটি৷
পটেল বলেছেন, “জনসাধারণের ব্যবহারের জন্য আমেদাবাদ শহরে ৩১৫টি পাবলিক টয়লেট আছে৷ অথচ খুব কম সংখ্যক মানুষ সেগুলি ব্যবহার করেন৷ শহরে অন্তত ১২০টি জায়গা রয়েছে যেখানে খোলা জায়গায় মানুষ মল-মূত্রত্যাগ করে পরিবেশ দূষিত করছে৷ এরা যাতে পাবলিক টয়লেট ব্যবহার করেন তাই এক টাকা করে দেওয়ার মতো অভিনব প্রকল্পটি চালু করা হচ্ছে৷”
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


