বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ এই অঞ্চলে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানানো হয়।
ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়, রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা হ্রাস পেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু সারাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো হয়ে ওঠে। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার আকাশে মেঘের ঘনঘটা। সঙ্গে ঝমঝম বৃষ্টি আর ঠান্ডা বাতাস। সকালবেলার বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েছেন কর্মব্যস্ত মানুষ। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকদের বিপত্তিতে পড়তে হয়। তবে এর পরও সবার চোখেমুখে ছিল স্বস্তি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, বৃষ্টির কারণে দেশের প্রায় সব জায়গায় তাপমাত্রা কমে এসেছে। প্রায় ১০ / ১২ দিনের অনাবৃষ্টির কারণে তাপপ্রবাহ শুরু হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply