বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ব্যক্তিগত সফরে ব্রিটেন গেলেন

imagesffffবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের যুক্তরাজ্য সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শুক্রবার ১২ জুন সকাল দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটে তিনি রওনা হন। এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও চিফ হুইপ এএসএম ফিরোজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন ও ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান ও বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি শামীম চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান, বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আগামী ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো দৈনন্দিন কর্মসূচিতে বলা হয়, ১৭ জুন সন্ধ্যা সোয়া ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) সিলেটের ওসমানী বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। ১৮ জুন সকাল সাড়ে নয়টায় তিনি সেখানে পৌঁছাবেন বলে ধারণা করে হচ্ছে। পরে সেখান থেকে পরের ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন