জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে ভারতে এক বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় গোয়েন্দারা। গ্রেফতার বাংলাদেশির নাম বেলাল মিয়া (২৬)-এর বাড়ি কুমিল্লার কান্দিরপার এলাকায়। তাকে সাতদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। এই তথ্যের ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তারা ত্রিপুরার বেসামরিক প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকতে বলেছে।
ত্রিপুরার আগরতলা বিমানবন্দর থেকে ৯ জুন মঙ্গলবার গ্রেফতার করা হয় বেলালি মিয়াকে। তিনি তখন কলকাতাগামী একটি ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন। পরে ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত।
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরার কাকরাবান থানার আমতলি এলাকার বাসিন্দা রামকৃষ্ণ দেবনাথের সহায়তায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে বেলাল মিয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করেছেন। জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছেন তিনি বাংলাদেশি নাগরিক। ভুয়া কাগজপত্র ব্যবহার করে তিনি পাসপোর্ট, আইডিবিআই ব্যাংকের এটিএম কার্ড, প্যান কার্ড ও রিলায়েন্সের সিম কার্ড নিয়েছেন। তিনি এসডিএম (সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) সদর থেকে পাওয়া স্থায়ী বাসিন্দার কাগজপত্র সংগ্রহ করেছেন।
গ্রেফতার হওয়ার পর বেলাল মিয়ার কাছ থেকে একটি মেমোরি কার্ডে আইএস জঙ্গিদের সঙ্গে তাঁর একটি ছবি পাওয়া গেছে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা জানিয়েছে।
এর আগে, চলতি বছর মার্চে কাসেম মিয়া (২৫) ও সৌরভ মিয়া (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার আরো দুই ব্যাক্তিতে আগরতলা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের কাছে ভারতীয় নাগরিকত্ব, ভোটার আইডি ও রেশন কার্ড ছিল। ওই সময় তাঁদের সহায়তার অভিযোগে শুভঙ্কর দাশ (২১) নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়।
ত্রিপুরার সাব ডিভিশনাল ম্যাজিষ্টেট ও জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের একদল কর্মকর্তা কয়েক বছর ধরেই ভুয়া পাসপোর্ট তৈরিতে জড়িত। বেলালিসহ আগে আটক হওয়া বাংলাদেশিরাও সেসব কার্যালয় থেকেই কাগজপত্র সংগ্রহ করেছেন।
আগরতলা সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


