৭৫ বছর বয়সেও ‘বিয়ে’ করা হয়ে ওঠেনি তার। কিন্তু ঘন ঘন প্রেমে পড়া এবং প্রেম করার বিরল এই গুনাবলীর জন্যই তো হলিউডের টাফ লাভার বয় খেতাব জিতেছেন তিনি। শুধু এত দিন পর্যন্ত বিয়েটা করেননি, তাই চিরকুমার বলা হয় আল পাচিনোকে। সর্বশেষ প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর, ৭৫ বছর বয়সে এসে বিয়ে করতে চাইছেন তিনি।
গত মার্চে মাসেই বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন ‘গডফাদার’ পুত্র মাইকেল। কিন্তু ভাগ্যদেবী সহায় হননি, ব্যাচেলরই রয়ে গেলেন বর্ষীয়ান অভিনেতা আল পাচিনাে। প্রায় চার বছরের সম্পর্কের ফলাফলে হঠাৎ করেই বিচ্ছেদ হয়ে গেল ৩৬ বছর বয়সী প্রেমিকা লুসিলা সোলার সঙ্গে। বিয়ের স্বপ্ন ভেঙে গেল চিরকুমার আল পাচিনোর।
প্রশ্ন উঠতেই পারে, হলিউডের টাফ গাই আল পাচিনোর বিয়ের দরকার কি? প্রেম, নারীসঙ্গ এবং প্রেমিকাদের গর্ভে সন্তান- সবকিছুইতো আছে তার। ‘সেন্ট অফ আ ওম্যান’ ছবির অন্ধ লেফটেন্যান্ট কর্নেল ফ্র্যাঙ্ক স্লেড খুব সহজেই বলে দিতে পারতেন আশেপাশে থাকা মহিলাদের মনের কথা। ক্ষমতাটা ছিল বলেই হয়তো এই চরিত্রে সাবলীল অভিনয় করেছিলেন আল পাচিনো। নইলে একের পর এক নারীকে সম্মোহিত করা এবং নিত্যনতুন সম্পর্কে জড়ানো চাট্টিখানি কথা তো নয়।!
তবে বিয়ে না করেও প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে তিন সন্তানের দায়িত্ব ভাগ করে নিয়েছেন ৭৫ বছর বয়সী চিরসবুজ যুবক আল পাচিনো। পঁচিশ বছর বয়সী বড় মেয়ে জুলি মেরির মা হলেন অ্যাক্টিং কোচ জ্যান ট্যারেন্ট। যমজ ছেলেমেয়ে অ্যান্টন জেমস ও অলিভিয়া রোজের মা অভিনেত্রী বেভার্লি ডি’ অ্যাঞ্জেলো।
সবই হয়েছে, কিন্তু বিয়ের গাঁটছড়ায় বাঁধা পড়েননি কারো সঙ্গে। কিন্তু কখনো না কখনো কুঁজোরও তো চিৎ হয়ে শুতে ইচ্ছা হয়। হয়তো তাই, লুসিলাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিচ্ছেদে সে স্বপ্ন ভেস্তে গেল। ভাঙা মন নিয়ে তিনি এখন পাত্রী খুঁজছেন, ৭৫ বছর বয়সে প্রথমবারের মত বর সাজবেন তিন সন্তানের জনক আল পাচিনাে।
বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


