বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা লন্ডনে চোখের চিকিৎসা করালেন

Hasinaছয় দিনের ব্যক্তিগত সফরে লন্ডনে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ১৩ জুন চোখের চিকিৎসক দেখিয়েছেন। এ নিয়ে সফরের প্রথম দুই দিনে তিনি দুই দফা চোখের চিকিৎসকের কাছে গেলেন তিনি। বাকি সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হোটেল কক্ষেই কাটান।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে চোখের চিকিৎসকের কাছে যান। এর পর শনিবার সকালেও চিকিৎসকের কাছে যান তিনি। মায়ের লন্ডন সফর উপলক্ষে একদিন আগেই কানাডা থেকে লন্ডনে এসেছেন সায়মা ওয়াজেদ পুতুল।

শেখ হাসিনা শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে লন্ডনে পৌঁছান। পশ্চিম লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলে উঠেছেন তিনি। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাকি সময় স্বজনদের সঙ্গে হোটেল কক্ষে কাটিয়েছেন তিনি। ছোট বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং পরিবারের অন্য সদস্যরা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির জানান, রবিবার ১৪ জুন বিকেলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া মঙ্গলবার হাউস অব কমন্সে টিউলিপ সিদ্দিকের বক্তৃতা শুনতে ব্রিটিশ পার্লামেন্টেও যেতে পারেন তিনি।

লন্ডন সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন