চরম অশান্তির পর অবশেষে সম্পর্কে ইতি টেনেছেন । তাঁর দেওয়া যা কিছু ছিল, সব ঝেড়ে মুছে ফেলেছেন । কিন্তু, এতকিছুর পরও লাভের লাভ কিছু হচ্ছে না । সোশাল নেটওয়ার্কিং সাইট খুলতেই চোখের সামনে ভেসে উঠছে একের পর এক ছবি, মেসেজ । কোনওভাবেই পিছুটান থেকে রেহাই মিলছে না । খেতে, ঘুমোতে, শুতে তাড়া করে বেড়াচ্ছে অতীত ।
চিঠিপত্তরের যুগ পেরিয়ে ভালোবাসা বহুদিন আগেই হাত ধরেছে e-মেল, ফেসবুক, টুইটাররের । ডিজিটাল প্রেমের যুগে তাই ভালোলাগা থেকে ভালোবাসা, প্রথম দেখা সবটাই সারা যাচ্ছে সোশাল নেটওয়ার্কিং সাইটেই । আগেকার দিনে বাড়ির গুরুজনদের চোখরাঙানি এড়িয়ে প্রেম করার মতো ধক অনেকেরই ছিল না । যে ক’জনের ছিল, তাও ওই চিঠিপত্র অবধি ।
দেখা সাক্ষাৎ হওয়াটাই তখন অনেক বড় ব্যাপার । আজকালকার দিনের প্রেম অনেক স্মার্ট । স্কাইপে দেখে ভালোলাগা, মেলে কথা চালাচালি, ফেসবুকে প্রেম নিবেদন, হোয়াটস্ অ্যাপে বিচ্ছেদ । কিন্তু, সমস্যা বাঁধছে ওই বিচ্ছেদে গিয়ে । চিঠিপত্তরের যুগ হলে না হয় ছিঁড়ে ফেলা যেত । কিন্তু, এখন তো তা সম্ভব না । কোথাও না কোথাও ঠিক উঁকি দেবে পার্কে বসে তোলা কোনও ছবি, বা মন ভালো করে দেওয়া কোনও মেসেজ । আর এতেই যত বিপত্তি ।
যতই ওই সম্পর্কের বাঁধন ছিঁড়ে বেরোতে চাইবেন, ততই সে আপনাকে আষ্টেপৃষ্ঠে আটকে ধরবে । তাই প্রথমেই যেসব সাইটে আপনার প্রাক্তনের উপস্থিতি রয়েছে, সেখান থেকে তাঁদের বিদায় জানান । মেলের ইনবক্সে থাকা সমস্ত মেসেজ, ছবি মুছে ফেলুন । তাঁর পাঠানো কোনও ছবি, যা হয়তো আপনার ভীষণ পছন্দের তাও রাখা চলবে না ।
সবচেয়ে বড় কথা, সোশাল নেটওয়ার্কিং সাইট থেকে বেরোলেই যে তাঁকে ভুলে যাবেন, তা নয় । ভুলতে চাইলে মন থেকে ভুলুন । মনকে শক্ত করুন, বোঝান । নতুন একটা সম্পর্কের কথাও ভাবতে পারেন ।
লাইফস্টাইল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


