বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্ত্রী মায়ার দুর্নীতির মামলায় সাজা বহাল আপিলে

Mayaদুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে মায়ার পক্ষ থেকে দায়ের করা আপিলের ওপর পুনরায় শুনানির জন্য নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রবিবার ১৪ জুন এই আদেশ দেয়।

মন্ত্রী মায়া চৌধুরীর সাজার কার্যকারিতার ওপর হাইকোর্টের কোনো স্থগিতাদেশ নেই। আপিল বিভাগের এ আদেশের ফলে এখন তার সাজা বহাল রয়েছে এবং এটি এখন হাইকোর্ট বিভাগে বিচারাধীন বলে মত সংশ্লিষ্টদের। পুনরায় আপিলের শুনানি শেষে হাইকোর্ট বিভাগ যে রায় দেবেন, সেটাই এখন প্রযোজ্য হবে তার ক্ষেত্রে। অন্যদিকে তার ক্ষেত্রে হাইকোর্টের দেয়া জামিন আদেশও বহাল রয়েছে বলে জানা গেছে।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরের বছর ১৪ ফেব্র“য়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুটি ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিলের শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর তৎকালীন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ তাকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে গেলে রোববার পুনঃশুনানির এ আদেশ আসে।

আপিল আদালতে মায়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এ প্রসঙ্গে জানতে চাইলে মায়া চৌধুরীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, সাজার কার্যকারিতার ওপর হাইকোর্টের কোনো স্থগিতাদেশ নেই। দরকার হলে আমরা স্থগিতাদেশ চাইব। তবে যেহেতু আপিল শুনানির অপেক্ষায় সেহেতু এখন তার সাজার বিষয়টিও হাইকোর্টে বিচারাধীন। তবে তার জামিন বহাল রয়েছে।

জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মায়া চৌধুরীর খালাসের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। এখন তার আপিলের ওপর হাইকোর্টে পুনঃশুনানি হবে। তিনি আরও বলেন, তার সাজার বিষয়টি এখন বিচারাধীন। আপিল পুনরায় নিষ্পত্তি না হওয়ায় পর্যন্ত বলা যাবে না যে তার সাজা বহাল রয়েছে। এ ছাড়া তার জামিনের বিষয়ে আপিল বিভাগ যেহেতু কিছু বলেননি সেহেতু তার জামিনও বহাল আছে।

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্ট বিভাগ একটি টেকনিক্যাল গ্রাউন্ডে (বিশেষ যুক্তিতে) তাকে খালাস দিয়েছিলেন। আপিল বিভাগ অন্যান্য মামলার ক্ষেত্রেও ওই টেকনিক্যাল গ্রাউন্ডটি গ্রহণ করেননি। তাই যে যুক্তিতে তাকে খালাস দেয়া হয়েছিল, সেই যুক্তিটি বাতিল করে দিয়েছেন। পাশাপাশি এখন মামলার মূল মেরিটের ওপর আপিলের পুনঃশুনানি হবে।

বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে সিনিয়র আইনজীবী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত তার সাজা এখন বহাল রয়েছে। আর জামিনের ব্যাপারে যেহেতু আপিল বিভাগ কিছু বলেননি সেহেতু তার জামিন বহাল আছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন