বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ছাতার নিচে গেলেন না ভারতীয় সেনাপ্রধান

Dalveer-singhদুইদিনের বাংলাদেশ সফরে গেছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দলবির সিং। সোমবার ১৫ জুন বিকেলে ৪টা ৫৮ মিনিটে ভারতীয় বায়ু সেনার একটি বিশেষ বিমানে ঢাকা আসেন এই জেনারেল। তাকে বহন করা বিমানটি কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মাহফুজুর রহমান।

সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার আমন্ত্রণে দু’দিনের সফরে ঢাকায় আসা দলবির সিং সোমবার বিকেলে তার সঙ্গে বৈঠক করেন। সেনা সদরদপ্তরের এই বৈঠকে দুই সেনাপ্রধান দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এর আগে ঢাকায় নেমে ভারতীয় সেনাপ্রধানকে বহন করা গাড়ি বহর ঢাকা সেনানিবাসে শিখা চিরন্তনে যায়। সেখানে তিনি ১৯৭১-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী বিভাগের শহীদদের শ্রদ্ধা জানান। বর্ষাকালের প্রথমদিনটিতে ঢাকায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তবে তার জন্য ছাতা ধরে একজন এগিয়ে গেলেও ছাতার নিচে যাননি দলবির সিং। বৃষ্টিতে ভিজে শিখা অনির্বাণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এই সেনাপ্রধান।

শিখা অনির্বান থেকে দলবির যান সেনাকুঞ্জে। সেখানে তাকে গার্ড অব ওনার দেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। তখনও বৃষ্টি হচ্ছিল। সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন।

মঙ্গলবার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭২তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্স এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন। মঙ্গলবার বিকেল তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

জেনারেল দলবির সিং, পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি ১৯৫৪ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ২৬তম ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে গত বছরের ৩১ জুলাই দায়িত্বভার গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন