হাসি হাসি মুখে দাঁড়িয়ে দুজনে৷ এ হাসি যেমন-তেমন নয়৷ যাকে বলে মনখোলা হাসি৷ কাকে দেখে হাসছেন দুজনে? ক্যামেরার মুখোমুখি হলে এমনিতে সবাই-ই হাসিখুশি মুখ দেখাতে চান৷ তবে এই মনখোলা হাসির রহস্য অন্য! কী?
সেটা বলার আগে জানানো দরকার, ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন কারা৷ ডানদিকে যে দাঁড়িয়ে, তাঁকে চেনাতে পরিচয় দিতে হয় না৷ পেলে৷ তবে ফুটবল-সম্রাটের পাশে কে, এখানেই হোঁচট খেতে হয়৷ কে তুমি নন্দিনী?
হ্যাঁ, এই প্রশ্নটাই মনে জাগে৷ এই নন্দিনী মডেল৷ নাম, ক্লদি কিন৷ ফুটবল-সম্রাটের প্রেমিকা ভেবে ভুল করবেন না যেন৷ ক্লদি, আয়ারল্যান্ডের ফুটবলার রবি কিনের স্ত্রী৷ ২৯ বছরের ক্লদির সঙ্গে হঠাৎই দেখা হয়েছিল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের৷ এমন সুযোগ কেউ কি হাতছাড়া করে? ক্লদিও করেননি৷ চটপট ছবি তুলে নেন পেলের সঙ্গে৷ ছবি তোলার পরই ক্লদির মাথায় দুষ্টুবুদ্ধি খেলে যায়৷ কী সেটা?
ক্লদি ছবিটি টুইটারে পোস্ট করেন৷ নিচে একটি বিশেষ বার্তা লেখা৷ স্বামী রবিকে উদ্দেশ্য করে ক্লদি বার্তায় লিখেছেন, ‘রবি, আমায় যেন হিংসে করো না৷ এই দেখো তোমার আইডল, পেলের পাশে আমি৷ শুধু কি পাশে দাঁড়ানো? জানো তো, তোমার আইডলের সঙ্গে ডিনারও করেছি৷’ টুইটারে ক্লদির এই বার্তা দেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল স্বামীর সঙ্গে মজা করা৷ সেই সঙ্গে স্বামীর মনটাও ভাল করে দেওয়া৷
রবির দল আয়ারল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে সামনেই৷ গত রাতেই স্কটল্যান্ডের সঙ্গে আয়ারল্যান্ড একটি ম্যাচে ১-১ ড্র করেছে৷ গোল পাননি রবি৷ সে কারণে মনখারাপ হওয়া স্বাভাবিক৷ তাই মন ভাল করতেই এই কাণ্ড বাধিয়েছেন ক্লদি৷ সেই সঙ্গে আরও একটি টুইট করেছেন তিনি৷ লিখেছেন, ‘ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আমার স্বামী আরও অনেক গোল করবে জানি৷ রিয়েল আর পর্তুগালের তারকা রোনাল্ডোকেও পেছনে ফেলে দেবে৷’
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম


