বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘হারতুল্য’ ড্রয়ে ক্ষিপ্ত মেসির ‘ম্যাচ-সেরা পুরস্কার’ প্রত্যাখান

bbbsকোপা আমেরিকায় নিজেদের যাত্রার শুরুটা ভালো হয় নি শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনার। প্যারাগুয়ের বিপক্ষে রোববারের ম্যাচটিতে ২-২ গোলের ড্রয়ের হতাশা বরণ করে নিতে হয় গত ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্ট দলের। দলের এই হতাশার দিনে আর্জেন্টিনার ফুটবল জাদুকর ‘ম্যাচ-সেরার পুরস্কার’ নিতেই অস্বীকৃতি জানিয়েছিলেন।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে খেলা এই ফুটবল জাদুকর ‘হারতুল্য’ ড্রয়ের কারনে ছিলেন চরম ক্ষিপ্ত। প্যারাগুয়ের বিপক্ষে ২ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও তার দলের জিততে না পারাটা যেনোভাবেই মানতে পারছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক।

আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর করা প্রথম গোলটিতে প্রধান ভুমিকা পালন করেন মেসি। এছাড়া দ্বিতীয় সমতা সূচক গোলটি তার শট নেয়া পেনাল্টি থেকে এসেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে মেসির দল।

কোপা আমেরিকার প্রতি ম্যাচের পরে ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেয়া মাস্টারকার্ড’এর পক্ষ থেকে। ড্রেসিং রুমে গিয়ে মেসিকে ম্যাচ সেরা করা হয়েছে বলে জানান মাস্টারকার্ডের একজন প্রতিনিধি। কিন্তু এই পুরস্কার গ্রহণ করবেন না বলে জানান মেসি।

মেসির প্রত্যাখানের পর প্রথমার্ধে দুর্দান্ত খেলা জিরার্ডো মার্টিনোর শিষ্যদের মধ্যেই কাউকে এই পুরস্কার দেয়ার কথা বিবেচনা করা হয়। কিন্তু বিমর্ষ আর্জেন্টাইন ড্রেসিং রুমের কোন খেলোয়াড়ই এই পুরস্কার নিতে আগ্রহী হননি বলে মাস্টারকার্ডের প্রতিনিধি জানান।

মেসির ফিরিয়ে দেয়া ওই ম্যাচসেরা পুরস্কার পরে প্যারাগুয়ের হয়ে প্রথম গোল করা নেলসন ভালদেজের হাতে তুলে দেয়া হয়। গ্রুপ বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মঙ্গলবার উরুগুয়ের মুখোমুখি হবে।

ক্রীড়া ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন