পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা মঙ্গলবার সকালে এই টেলিফোন পান বলে তার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানিয়েছেন।
ছয় দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
শামীম চৌধুরী বলেন, “ভারতের প্রধানমন্ত্রী ফোন করে তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। শেখ হাসিনাও ভারতের মুসলিম সম্প্রদায়কে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।”
চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে। মাসব্যাপী সংযমের পর ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মুসলিমরা।
টেলিফোনে নরেন্দ্র মোদি তার সাম্প্রতিক বাংলাদেশ সফরে উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বলেও শামীম চৌধুরী জানান।
ভারতের প্রধানমন্ত্রী চলতি মাসের ৬-৭ তারিখে ঢাকা সফর করেন। এই সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বেশ কয়েকটি চুক্তি হয়। পাশাপাশি বহু প্রতীক্ষিত জমি হস্তান্তর চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময়ও হয় তার ওই সফরে, যার মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের পথ খুলল।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


