বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসিনা-খালেদার হাতে মন্ত্রী ২৯৮ জন

khaleda-Hasinaবাংলাদেশে স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের পতনের পর ১৯৯১ সাল থেকে খালেদা জিয়া ও শেখ হাসিনার তিন বার করে ছয় সরকারের মেয়াদে মন্ত্রী হয়েছেন ২৯৮ জন। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার হাত ধরে পূর্ণমন্ত্রী হয়েছেন ১৫৯ জন, প্রতিমন্ত্রী ১২৭ জন ও উপমন্ত্রী হন ১২ জন। ঢাকায় জাতীয় সংসদে মঙ্গলবার ১৬ জুন প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানানো হয়। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।

এরশাদের পতনের পর ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে পঞ্চম সংসদ গঠিত হয়। ওই সময় মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৫ জন, প্রতিমন্ত্রী ২২ জন ও উপমন্ত্রী ৩ জন। এরপর ১৯৯৬ সালের ১২ ফেব্র“য়ারি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ৬ষ্ঠ সংসদে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে ১৪ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করেন ১৩ জনকে। যদিও ওই সংসদের মেয়াদ ছিলো ১৯৯৬ সালের ১৯ মার্চ থেকে ৩০ মার্চ।

এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। ৭ম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২২ জন, প্রতিমন্ত্রী ২৪ জন ও উপমন্ত্রী ৩ জন।

২০০১ সালের অক্টোবরে ৮ম সংসদে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। ৮ম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেন ২৮ জন, প্রতিমন্ত্রী ২৮ জন ও উপমন্ত্রী ৪ জনকে।

২০০৯ সালের ৬ জানুয়ারি নবম সংসদ গঠিত হয়। নবম সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। নবম সংসদের মন্ত্রী ছিলেন ৪১ জন, প্রতিমন্ত্রী ২৩ জন।

এরপর ২০১৪ সালের ১৩ জানুয়ারি টানা দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। দশম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৯ জন, প্রতিমন্ত্রী ১৭ জন ও উপমন্ত্রী ২ জন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন