এই বাংলাদেশের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অভিষেক হয়েছিল। কেরিয়ারের নতুন পথচলাও শুরু হচ্ছে এখান থেকেই। শুধুমাত্র রঙিন পোশাকের ভারতের অধিনায়ক হিসেবে তাঁর প্রথম সফর এটিই। গত ১১ বছরে নানা সময়ে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে, প্রতিপক্ষ বাংলাদেশকে দেখেছেন নানা রূপে। তবে এবারের দলটিকে দারুণ সমীহ করছেন ভারতের ওয়ানডে অধিনায়ক ধোনি।
ফতুল্লা টেস্ট শেষে ওয়ানডের বাংলাদেশকে বিপজ্জনক বলেছিলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডের আগের দিন বুধবার সাংবাদিক সম্মেলনে ধোনির গলাতেও বিরাটের সুর।তিনি বলেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ দারুণ দল। ওয়ানডে তো এখন ওরা অনেক বছর ধরেই খেলছে, খেলাটা বুঝে উঠেছে।’
টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে বাংলাদেশের অনেকেই ওয়ানডেতে ভয়হীন ক্রিকেট খেলে বলে মনে করছেন ধোনি। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি খেলে ওয়ানডে দলে আসছে অনেকে, আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়ে যাওয়ায় তাদের ভয় কমেছে। কি করতে হবে জানে। আমার সবসময়ই মনে হয়েছে, ওয়ানডেটাই বাংলাদেশ বেশি ভালো খেলে। এই দল তো দারুণ।’
টেস্টে বাংলাদেশের ভবিষ্যতও উজ্জ্বল দেখছেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ উন্নতির ছাপ রেখেছে। তবে টেস্ট যেহেতু পাঁচ দিন ধরে খেলা হয়, একটু ধারাবাহিক ক্রিকেট খেলতে হয়। প্রতিপক্ষের ফিরে আসার সুযোগ কম থাকে। তবে যেভাবে উন্নতি করছে ওরা, টেস্টেও বাংলাদেশ ভালো জায়গায় পৌঁছে যাবে অল্পদিনের মধ্যেই৷’
স্পোর্টস রিপোর্টার
নিউজওয়ার্ল্ডিবিডি ডটকম


