বুধবার ৪ নভেম্বর ২০২৬

শুধুমাত্র মাঠের যুদ্ধ হিসেবেই দেখছেন মাশরাফি

mashrafee.thumbnailমানুষ সময়ের ‘দাস’৷ তাই সময়ের সঙ্গে অনেকটাই মিলিয়ে গিয়েছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ঝাঁজ। তবে মেলবোর্নে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতকে নিজেদের মাটিতে পেয়ে দেশের ক্রিকেট আঙিনায় বাজিয়েছে যুদ্ধের দামামা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে সেই উত্তেজনা অবশ্য থামাতে বলছেন মাশরাফি বিন মুর্তাজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এটাকে খেলা হিসেবেই দেখছেন, এবং তাই তিনি চান এই যুদ্ধ যেন শুধু মাঠেই থাকে৷

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালের নানা বিতর্ক উত্তেজনার বারুদ ছড়িয়েছিল বাংলাদেশে। সেই বিতর্কের বারুদ আবার নতুন করে জাগিয়ে না তোলার আহবান জানালেন মাশরাফি। তিনি বলেন, ‘একদিক থেকে এটা যুদ্ধই, মাঠে আমরা অবশ্যই যুদ্ধ করি। তবে এটা তো আর সত্যিকারের যুদ্ধ নয়!

এই যুদ্ধ শুধু খেলার মাঠেই। ক্রিকেট মাঠে অনেক সময় অনভিপ্রেত অনেক কিছু হতে পারে। ওসব নিয়ে গভীরভাবে ভাবার কিছু নেই। ক্রিকেটাররা আসলে ওসব মনে রাখে না, রাখা উচিতও না। নতুন সিরিজের শুরু হচ্ছে, আমরা তাকিয়ে সেদিকেই।’

সমর্থকদের আবেগকে যে বশ মানানো কঠিন, এই বাস্তবতা জানেন মাশরাফিও। তারপরও বলছেন, যতটা সম্ভব আবেগেরে স্রোতে বাঁধ দিতে।

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের আবেগ তো বন্ধ করা কঠিন। তারা এগুলো বলতেই পারে। আমি তারপরও অনুরোধ করব, খেলার জায়গাটাকে খেলা হিসেবেই দেখতে। আমরা মাঠে খেলব, হারতে পারি-জিততেও পারি। হারলে খারাপ লাগবে এটা স্বাভাবিক। আমরা অবশ্যই জেতার জন্যে খেলব এবং আশা করব, সবাই যেন বাস্তবতাকে মেনে নেয়৷’

স্পোর্টস রিপোর্টার

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন