বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঠিকাদারের পক্ষ নিয়ে র‍্যাবের গোলাগুলি

একটি প্রকল্পের কার্যাদেশ হারানো ঠিকাদারের পক্ষ নিয়ে ওই প্রকল্পের নতুন কার্যাদেশ পাওয়া বৈধ ঠিকাদারকে ধরে আনতে গিয়েছিল র‍্যাব। প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন র‍্যাব সদস্যদের ঘিরে ফেলে। পরে ফাঁকা গুলি ছুড়ে কার্যাদেশ পাওয়া ঠিকাদারকে ক্যাম্পে ধরে নিয়ে যায় র‍্যাব। বুধবার ১৭ জুন দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সম্প্রতি হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির রশিদপুর তেল শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু হয়েছে। শুরুতে আবদুল আওয়াল নামে একজন ঠিকাদার এই কাজ পান। কিন্তু ঠিক সময়ে কাজ শুরু না করায় তাঁর প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়। পরে শাহেদ চৌধুরী নামে আরেক ঠিকাদার কার্যাদেশ পেয়ে ওই কাজ শুরু করেন। কিন্তু আবদুল আওয়াল নানাভাবে শাহেদ চৌধুরীকে বাধা দিতে থাকেন।

দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল বড়গাঁও প্রকল্প এলাকায় যায়। এ সময় ঠিকাদার আবদুল আওয়াল তাদের সঙ্গে ছিলেন। র‌্যাব সদস্যরা ঠিকাদার শাহেদ চৌধুরীকে মারধর করে গাড়িতে তুলতে গেলে প্রথমে বাঁধা দেন প্রকল্পের শ্রমিকেরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কিছুক্ষণের মধ্যে কয়েক শ লোক র‍্যাব সদস্যদের ঘিরে ফেলে। অবরুদ্ধ হয়ে পড়েন র‌্যাব সদস্যরা। একপর্যায়ে র‌্যাব সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন এবং শাহেদ চৌধুরীকে ধরে নিয়ে যান শ্রীমঙ্গল ক্যাম্পে।

র‍্যাব ধরে নেওয়ার সময় শাহেদ চৌধুরী ও ঠিকাদারি কাজে নিয়োজিত তাঁর সহকর্মী আবদুল কায়েস দাবি করেন, ঠিকাদার আবদুল আওয়াল সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নাম ব্যবহার করে এই প্রকল্পের কাজ না করার জন্য তাঁদের চাপ দিয়ে আসছিলেন। তাঁরা তাতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে র‌্যাব ব্যবহার করা হচ্ছে। আবদুল কায়েস দাবি করেন, ঘটনার সময় আবদুল আওয়াল র‌্যাবের গাড়িতে বসা ছিলেন।

সংবাদদাতা
নিউজ্ওয়াল্ডবিডি ডট কম।

আরও পড়ুন