নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে হাই কোর্ট। এই আদেশ পাওয়ার দুই মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রুলের চূড়ান্ত রায়ে মামলাটি চলবে বলে আদেশ দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
এর ফলে খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার চালাতে আর কোনো বাধা থাকল না বলে আইনজীবীরা জানিয়েছেন।
প্রসঙ্গত, দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের আবেদন জানিয়ে রিট করেছিলেন খালেদা জিয়া। পরে এ রিট আবেদনের প্রেক্ষিতে নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করেছিলেন হাইকোর্ট।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধ করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বকশীবাজারের কারা প্যারেড গ্রাউন্ডে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের অস্থায়ী আদালতে শুনানি চলে। শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করেন বিশেষ জজ।
মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


