বুধবার ৪ নভেম্বর ২০২৬

টসে জিতে প্রত্যাশিত শুরু বাংলাদেশের

BD-Tamimমিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের দৃঢ়তায় ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৩ রান। ৩৮ বলে ৪৩ রান করে অপরাজিত তামিম। ৩৫ বলে ৪৭ রান নিয়ে ব্যাট করছেন সৌম্য।

বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে ডানহাতি ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। আঙুলের চোট পেছনে ফেলে মুশফিকুর রহিম উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ দল গড়েছে চার পেসার নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আম্পায়ারিং বিতর্কের পর সীমিত ওভারের ম্যাচে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি বাংলাদেশ। পেশাদারিত্বের পরিচয় দিয়ে দুই দেশের অধিনায়ক সেই ঘটনাকে পাত্তা দিতে চাননি। কিন্তু বাংলাদেশের সেই আক্ষেপভরা হার তো সমর্থকরা সহজে মুছে ফেলতে পারেননি মন থেকে। আর সেটা বাড়তি উত্তাপ ছড়াচ্ছে ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ ঘিরে। একই সঙ্গে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার হাতছানি আছে বাংলাদেশের সামনে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাসও হয়তো মানসিকভাবে এগিয়ে রাখবে স্বাগতিকদের।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের যেকোনো একটি জিতলেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে উঠে যাবে সপ্তম অবস্থানে। পূরণ হবে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন।

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

ভারত: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা।

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন