তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পর এবার ফের দোলা সেন। কর্তব্যরত সিভিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগুইআটির চিনারপার্কে।
অভিযোগ, শুক্রবার ১৯ জুন দুপুরে চিনারপার্ক এলাকায় ভুল রুট দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন দোলা সেন। সেইসময় তাঁর গাড়ি আটকান কর্তব্যরত সিভিক পুলিশ বিভাস রায়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন দোলা সেন। মেজাজ হারিয়ে তিনি কান ধরে ওঠবোস করতে বলেন। এমনকী, তা না শুনলে চড় মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পদস্থ পুলিশ কর্তারা। তাঁদের কাছে অবশ্য পাল্টা সিভিক পুলিশের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ করেন দোলা সেন। তবে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পরে অবশ্য অভিযোগ অস্বীকার করেন তিনি।
দোলা সেনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি বালি ব্রিজ়ে একটি গাড়ি আটকানোকে কেন্দ্র করে এক ট্রাফিক সার্জেন্টকে দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ডের কাছে চড় মারার অভিযোগ উঠেছিল দোলা সেনের বিরুদ্ধে।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


