বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ২৩ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২১ জুন রবিবার ৪ দিনের সফরে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি ২৪ জুন দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, সংস্কৃতি, পরিবেশ, জলবায়ু, উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও বাড়াতে ২৩ জুন প্যারিসে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন।
জানা গেছে, বাংলাদেশে তৈরি পোশাকের চতুর্থ বড় বাজার হল ফ্রান্স। এ ছাড়া বাংলাদেশ থেকে ফ্রান্সের বাজারে চামড়া ও জুতা, হিমায়িত মাছ, সিরামিক, ওষুধ রফতানি করা হয়। অন্যদিকে ফ্রান্স থেকে বাংলাদেশ উড়োজাহাজ ও যানবাহনের যন্ত্র, রাসায়নিক পদার্থ ছাড়াও অনেক ক্ষেত্রে সামরিক অস্ত্রও কেনা হয়। গত ১৯৮০ সালের ২৯ আগস্ট বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শান্তিপূর্ণ ব্যবহারে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করা হয়।
গত ১৯৮৫ সালে দুই দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি হয়। গত ১৯৮৭ সালে দ্বৈতকর পরিহার বিষয়ক চুক্তি, সংস্কৃতি বিনিময় এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষর করা হয়। ১৯৮৮ সালে বিমানসেবা বিষয়ক দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। জানা গেছে, এবারের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। এর সঙ্গে আরও কিছু নতুন বিষয় যোগ হতে পারে।
বাংলাদেশকে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ফ্রান্স স্বীকৃতি দেয়। ওই বছরেই ১৭ মার্চ দেশটির রাজধানী প্যারিসে বাংলাদেশের দূতাবাস খোলা হয়। ১৯৯০ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সিস মিতেরার বাংলাদেশ সফরের পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন রূপ লাভ করে। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফর করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


