কোপা আমেরিকা ফুটবলে জ্যামাইকার বিপক্ষে ১ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
দেশের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়া রাতটি জয় দিয়ে উদযাপন করলেও গোলের দেখা পাননি আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।
আগের দুই ম্যাচে ১ ড্র, ১ জয় নিয়ে গ্রুপের শেষ ম্যাচে ড্র হলেই শেষ আট নিশ্চিত হতো আর্জেন্টাইনদের।
তবে দুর্বল জ্যামাইকার বিপক্ষে দেশের হয়ে শততম ম্যাচে নামা মেসির মাইলফলক ছোঁয়ার রাতটি জয় দিয়েই স্মরণীয় করতে চেয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই ডি মারিয়া-পাস্তোরে-হিগুয়েইনদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।
দলের প্রাণভোমরা মেসিকে ঘিরেই একের পর এক আক্রমণে যেতে থাকে আর্জেন্টাইনরা। শুরু থেকেই দারুন গতি আর পাসিং ফুটবলে একের পর এক আক্রমণ গড়ে আর্জেন্টিনা ব্যতিবস্ত রাখে জ্যামাইকান ডিফেন্স। লিড আসে ম্যাচের ১১ তম মিনিটে গনজালো হিগুয়েইনের গোলে।
আর্জেন্টাইনদের লিড এনে দেয়া গোলে এসিস্ট করা এবং প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পাননি অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচের ৫২ মিনিটে মারিয়া নিশ্চিত গোলবঞ্চিত হন গোলবার দুর্ভাগ্যে।
দেশের হয়ে শততম অংশগ্রহণের মাইলফলক ছোঁয়া ম্যাচে দারুণ কিছু ঝলক দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসিও। তবে গোলের দেখা পাননি তিনি।
দুই অর্ধ মিলিয়ে কমপক্ষে চারটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি চারবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ক্যাপ্টেন।
পুরো ম্যাচেই জ্যামাইকার বিপক্ষে আধিপত্য নিয়ে খেললেও গোলভাগ্য সহায় না থাকায় একমাত্র গোলের জয় দিয়েই মেসির মাইলফলক ছোঁয়া রাত উদযাপন করেছে আলবিসেলেস্তেরা।
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


