বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুস্তাফিজকে নিয়েই ভারত শিবিরের শঙ্কা

Ravichandran-Awshwin_Newsworldbdমুস্তাফিজকে খেলতে এখন নানা ছক কষছে ভারত। সে পরিকল্পনায় যদি কাজ না হয় বুধবারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে? রবিচন্দ্রন অশ্বিনের কাছে একটাই সমাধান, যেভাবেই হোক মুস্তাফিজকে ভালোভাবে দেখেশুনে খেলতেই হবে। এ ছাড়া যে ঢাকায় হোয়াইট ওয়াশ ঠেকানোর কোনো উপায় নেই ভারতের। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে এসে অশ্বিন এভাবেই কথা বললেন।

অশ্বিন বললেন, ‘দেখেন এটা আন্তর্জাতিক ক্রিকেট। সবাই এখানে পেশাদার। যদি আমরা তার সমাধান বের করতে না পারি, তাহলে কী করব? তাঁকে (মুস্তাফিজ) অপহরণ করব? আমাদের এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো ক্রিকেট খেলতে হবে। সে দারুণ কাটার দিতে পারে। আমাদের সেটা সতর্কভাবে খেলতে হবে। একই সঙ্গে তাকে সমীহ করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সমীহ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।’

এক সাংবাদিক অশ্বিনকে মনে করিয়ে দিলেন, ভারত সাধারণত এ ধরনের নতুন চমকের বিপক্ষে ধুঁকে থাকে। যেমনটা ধুঁকেছিল বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের অভিষেকে। কিংবা বছর সাতেক আগে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের বিপক্ষে। গত বছর অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তাসকিন নাম লিখিয়েছিলেন রেকর্ড বইয়ে। ওই ম্যাচে ভারত গুটিয়ে গিয়েছিল ১০৫ রানে। তবে বাংলাদেশ ৫৮ রানে অলআউট হওয়ায় ম্যাচটা ভুলেই যেতে চাইবেন অনেকে। ২০০৮-এর এশিয়া কাপের ফাইনালে ভারত হেরেছিল মেন্ডিসের দুর্বোধ্য ‘ক্যারম’ বলে। মাত্র ১৩ রানের বিনিময়ে মেন্ডিস একাই নিয়েছিলেন ৬ উইকেট।

অশ্বিন বললেন, ‘অজন্তা মেন্ডিস, মুস্তাফিজ, তাসকিন সবাই ভালো বোলার। যখন বোলার এমন কিছু চমক নিয়ে আসে, তখন সে সবার রাডারে পড়ে যায়। তখন ভান্ডারে নতুন কিছু যোগ করার প্রয়োজন হয়। বলছি না, আমরা ভীষণ ধাক্কা খেয়েছি কিংবা আচমকা ধরা খেয়েছি। বলা উচিত, এই বোলাররা জানত মাঠে কী করতে হবে। আর আমাদেরও কিছু সমস্যা ছিল। সেটিই তারা কাজে লাগিয়েছে।’

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন